ঈদের তিন দিন আগে থেকে পাটুরিয়ায় ট্রাক ঢুকতে দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবং নিরাপদ পারাপার নিশ্চিত করতে ঈদের তিন দিন আগে থেকে পাটুরিয়ায় কোনো ট্রাক ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মানিকগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসন। এ ছাড়া ঘাট এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।সংবাদ ব্রিফিংয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ করিম বলেন, গত বছরের তুলনায় এবার ঈদের আগে পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যাবে। এ অবস্থায় পণ্যবাহী ট্রাক পারাপার অব্যাহত থাকলে পাটুরিয়া ঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হবে। ফলে ঘরমুখো মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হবেন। তাই ঈদের আগে তিন দিন পাটুরিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক ঢোকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সার, তেল ও ওষুধসহ পচনশীল দ্রব্যবাহী ট্রাক এর আওতায় পড়বে না। স্থানীয় প্রশাসনের এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এসপি মাসুদ করিম বলেন, যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে পাটুরিয়া ফেরিবহরে ১০টি ফেরি সচল রাখার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনকে (বিআইডব্লিউটিসি) অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পাটুরিয়ার তিনটি ঘাট যাতে সচল থাকে সেদিকেও নজর রাখার জন্য সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। ঘাট এলাকা চাঁদাবাজ, পকেটমার, হকার ও ছিনতাইকারীমুক্ত রাখতে পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে পুলিশ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং বাস, ট্রাক ও লঞ্চমালিক সমিতির প্রতিনিধির সমন্বয়ে পাটুরিয়া ঘাটে ইতিমধ্যেই নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।