ঈদের তিন দিন আগে থেকে পাটুরিয়ায় ট্রাক ঢোকা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবং নিরাপদ পারাপার নিশ্চিত করতে ঈদুল ফিতরের তিন দিন আগে থেকে পাটুরিয়ায় ট্রাক ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মানিকগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসন। এ ছাড়া ঘাট এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সকাল ১০টা থেকে তিন ঘণ্টাব্যাপী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, এএসপি (শিবালয় সার্কেল) মো. ওহেদুজ্জামান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিভ খান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এন এস এম শাহাদত হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ। সভায় জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, ঈদে ঘুরমুখো মানুষের চাপ বেড়ে যায়। এ অবস্থায় পণ্যবাহী ট্রাক পারাপার অব্যাহত থাকলে পাটুরিয়া ঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হতে পারে। এতে ঘরমুখো মানুষের চরম দুর্ভোগের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ঈদুল ফিতরের তিন দিন আগে থেকে পাটুরিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক ঢোকা বন্ধ রাখা হবে। তবে পচনশীল ও জরুরি পণ্য—ওষুধ, তেল ও সারবাহী ট্রাক ফেরি পারাপার হতে পারবে। এ ব্যাপারে তিনি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। জেলা প্রশাসক আরও বলেন, যাত্রীসেবা নিশ্চিত করতে পাটুরিয়া ঘাটে একটি ভ্রাম্যমাণ চিকিৎসা দল থাকবে। এ ছাড়া ঘাট এলাকায় নারী ও পুরুষ যাত্রীদের জন্য ১০টি শৌচাগারের ব্যবস্থা করা হবে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এন এস এম শাহাদত হোসেন বলেন, যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১০টি রো রো (বড়) ও তিনটি কে-টাইপ (মাঝারি) ফেরি সচল থাকবে। পাশাপাশি পাটুরিয়ার তিনটি ঘাট যাতে সচল থাকে সেই বিষয়টিও সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমান বলেন, ঘাট এলাকা চাঁদাবাজ, পকেটমার, ছিনতাইকারী ও হকারমুক্ত রাখতে পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।