ঈদের দিন অনেক স্থানে বৃষ্টি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে যখন চলছে ঈদের আনন্দের প্রস্তুতি তখন উপকূলে সৃষ্টি হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আবহাওয়াবিদেরা বলছেন, মৌসুমি বায়ুর কারণে আজ বৃহস্পতিবার ও কাল এ দুই দিন দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। ঈদের সম্ভাব্য দিন পরশুও দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হওয়া ও বায়ুচাপের তারতম্যের কারণে আজ দেশের উপকূল দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলাবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ। উপকূলীয় জেলা, চর ও দ্বীপগুলোতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস বয়ে যেতে পারে। গতকাল বুধবার রাত থেকেই বরগুনা, পটুয়াখালী ও নোয়াখালী উপকূলের চর ও দ্বীপগুলোতে অস্বাভাবিক জোয়ারের সৃষ্টি হয়েছে। বরগুনায় অস্বাভাবিক জোয়ারে ৪০টি গ্রাম প্লাবিত হয়। শহরে হাঁটুপানি জমে যায়। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলতে বলা হয়েছে।