ঈদের দিন চলে ম্যারাথন আড্ডা: নাবিলা
ঈদ মানে আনন্দ। নতুন পোশাক, মজার মজার রান্না আর ঘুরে বেড়ানো। ব্যস্ততা ভুলে পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে কাটে এই একটা দিন। ঈদ নিয়ে অনুভূতি জানিয়েছেন তিন সংগীতশিল্পী—ক্লোজআপ ওয়ানের অরিন ও সাব্বির এবং চ্যানেল আই সেরাকণ্ঠের নাবিলা

ঈদের দিন তো মহা আনন্দের। মজার মজার রান্না হয়। বাড়িতে বন্ধুবান্ধেবরা আসে। ম্যারাথন আড্ডা চলে। আবার অনেক সময় সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়ি। এ ছাড়া ভাইয়াদের সঙ্গেও বের হই। আত্মীয়স্বজনের বাড়িতে যাই।
আমার বাড়ি শহরের দেওয়ান হাটে। এখানেই ঈদ কাটে। আমার কাছে ছোটবেলার ঈদটা ছিল বেশি মজার। সেলামি পেতাম সবার কাছ থেকে। ঈদ পোশাকও পেতাম বেশ কয়েকটি। বাড়ির সবার ছোট হওয়ায় এই সুবিধাটা ভোগ করতাম। অবশ্য এখনো সেই ধারা অব্যাহত আছে। এবারও সবার কাছ থেকে পোশাক পেয়েছি। নিজে কিনেছি মায়ের জন্য। আমার দেওয়া শাড়িটাই তিনি ঈদের দিন পরেন।
ঈদে তেমন একটা কাজ করা হয়নি। শুধু চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে গান করেছি। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় ‘ঈদ আনন্দ আড্ডা’ শিরোনামের অনুষ্ঠানটি দেখানো হবে চাঁদরাতে। এতে এস আই টুটুলের ধ্রুবতারা ব্যান্ডের সঙ্গে আমি ও মেহেদি গান করেছি।
অনুলিখন: আশরাফ উল্লাহ