ঈদের দিন জাতীয় প্রেসক্লাবের সামনে ঈদের নামাজ, ভুখা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমপিওভুক্তির দাবিতে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের কর্মসূচিতে পুলিশি বাধা। ছবি: প্রথম আলো
এমপিওভুক্তির দাবিতে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের কর্মসূচিতে পুলিশি বাধা। ছবি: প্রথম আলো

ঈদের দিন জাতীয় প্রেসক্লাবের সামনে ঈদের নামাজ আদায় করে সেখানে ভুখা মিছিল করবেন নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। এমপিওভুক্তির সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত প্রতিদিনই তাঁদের কর্মসূচি চলবে। 

আজ বৃহস্পতিবার লাগাতার অবস্থান কর্মসূচির পঞ্চম দিনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
এমপিওভুক্তির (বেতন বাবদ মাসিক সরকারি অনুদানভুক্ত করা) দাবি আদায়ে ১০ জুন থেকে থেকে পুলিশি বাধা উপেক্ষা করে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন তাঁরা। আজও তাঁরা প্রেসক্লাবের উল্টো পাশে এ কর্মসূচি পালন করেন।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, ‘ঈদের দিন সকাল সাড়ে দশটায় আমরা প্রেসক্লাবের সামনের সড়কে ঈদের নামাজ আদায় করব। এরপর বেলা ১১টায় আমরা ভুখা মিছিল বের করব। এদিন শিক্ষকেরা মিষ্টিমুখও করবেন না।’
ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা ঈদ উদ্‌যাপন করার অবস্থায় নেই। তাই ঈদের জন্য ভুখা মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে।
বিনয় ভূষণ বলেন, এমপিওভুক্তির সুনির্দিষ্ট বক্তব্য বা গেজেট প্রকাশের আগে শিক্ষকেরা রাজপথ ছাড়বেন না। এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন না করে কারা এর বিরুদ্ধে কাজ করছে, সেটা পরিষ্কার হওয়া জরুরি।

কর্মসূচি চলার সময় নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাধা দেয় পুলিশ। ছবি: প্রথম আলো
কর্মসূচি চলার সময় নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাধা দেয় পুলিশ। ছবি: প্রথম আলো

নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাদের দাবি, গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার বিষয়ে যে আশ্বাস দেওয়া হয়েছিল, সেটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।
এমপিওভুক্তির দাবিতে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত বছরের ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচি শুরু করেন। টানা ওই অবস্থান ও অনশনের একপর্যায়ে ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর তৎকালীন একান্ত সচিব সাজ্জাদুল হাসান সেখানে গিয়ে আশ্বাস দেন। এরপর শিক্ষক-কর্মচারীরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। এরপর সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে, নতুন অর্থবছরে নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।
কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-২০১৯ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেন, সেখানে তিনি নতুন এমপিওভুক্তির বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি। যদিও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেছেন, ‘এরপরও দেওয়ার সুযোগ আছে এবং তিনি আশা করেন, অর্থমন্ত্রী তাঁর কথা রাখবেন এবং সুযোগ করে দেবেন।’
এবারের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের জন্য ৫৩ হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এটি প্রস্তাবিত জাতীয় বাজেটে খাতওয়ারি দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ। তবে বরাদ্দের ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও কলেজ নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।