ঈদের দিন প্রতিবাদ সমাবেশের কঠোর সমালোচনা প্রধানমন্ত্রীর
যোগাযোগমন্ত্রীর অপসারণ চেয়ে ঈদের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে করা প্রতিবাদ সমাবেশের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ সমালোচনা করেন। এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, যাঁরা প্রতিবাদ সভা করছেন, তাঁরা তো তাঁদের গ্রামের বাড়িতে যাননি। তাহলে তাঁরা কীভাবে জানলেন, সড়কের খারাপ অবস্থার জন্য বাড়িতে যাওয়া যায় না। তিনি বলেন, ‘তাঁরা যদি আজকেও (ঈদের দিন) বাড়ির উদ্দেশে রওনা দেন, আমার বিশ্বাস কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন। নিজেরা বাড়ি না গিয়ে এভাবে কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করা সমীচীন নয়।’ খবর ইউএনবিরপ্রধানমন্ত্রী বলেন, এবার রাজধানীর মানুষ ঈদ উদ্যাপনের জন্য নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছেন। তাঁরা নির্বিঘ্নে ঢাকা ফিরে আসতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মহাসড়কগুলোর খারাপ অবস্থার জন্য বিগত বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে শেখ হাসিনা বলেন, তারা সড়কগুলোর সংস্কারের কোনো ব্যবস্থাই নেয়নি। অপরিকল্পিতভাবে মহাসড়কের পাশে কারখানার অনুমতি দিয়েছে। ফলে সড়কের পানি সরে যেতে পারেনি। তিনি বলেন, সাত বছর সড়ক সংস্কারের কোনো কাজ না হওয়ায় বার্ষিক কর্মসূচিতে যে টাকা বরাদ্দ রাখা হয়েছিল, তা দিয়ে এ সংস্কারকাজ করা সম্ভব ছিল না। এ জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে এক হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্ষা শেষ হলেই রাস্তা মেরামতের কাজ পুরোদমে শুরু হবে।ঈদের পর বিরোধী দলের আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বেশ কিছুদিন ধরে নানা সমস্যা নিয়ে লেখালেখি করে জনগণকে বিভ্রান্ত ও আতঙ্কিত করার চেষ্টা করছে। কিন্তু এবার দেশের মানুষ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপন করছে। তিনি প্রশ্ন করেন, ‘বিরোধী দল কী নিয়ে আন্দোলন করবে? দেশের মানুষ তো ভালো আছে। বিরোধী দল কি চায় না দেশের মানুষ ভালো থাকুক?’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন সকাল সাড়ে নয়টা থেকে গণভবনে শুভেচ্ছা বিনিময় শুরু করেন। তিনি পর্যায়ক্রমে দলের জ্যেষ্ঠ নেতা, মন্ত্রী, সাংসদ, কূটনীতিক, বিচারপতি, শিক্ষাবিদ, পেশাজীবী, সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদ মোবারক জানিয়ে বলেন, ধনী-গরিব সবাই এবার উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপন করছে। মানুষ প্রচুর কেনাকাটা করেছে। ব্যবসায়ীরা সচরাচর ব্যবসা ভালো হয়েছে—এ কথা স্বীকার করে না। কিন্তু এবার তারাও স্বীকার করেছে ব্যবসা ভালো হয়েছে।