ঈদের দিন সড়কে প্রাণ গেল ৭ জনের
ঈদের দিনও থামেনি সড়ক দুর্ঘটনা, থামেনি মৃত্যু। আজ শনিবার ঈদের দিন বিকেল পর্যন্ত দেশের দুটি এলাকায় বাবা-ছেলেসহ মোট ৭ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ১৩ জন। এ নিয়ে গত দুই দিনে সড়কে ঝরে গেল ২০টি প্রাণ।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার তালগাছি করতোয়া কলেজের সামনে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলার বাতিয়ারপাড়া গ্রামের গরু ব্যবসায়ী মো. সিদ্দিক হোসেন (৪৫), উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের গরু ব্যবসায়ী ইব্রাহীম খলিল (৫০) ও অটোরিকশার চালক মো. জামাল হোসেন (৪২)।
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, সিদ্দিক ও ইব্রাহীম চট্টগ্রামে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। তালগাছি বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে একটি অটোরিকশায় করে তাঁরা বাড়ি ফিরছিলেন। তালগাছি করতোয়া কলেজের সামনে পৌঁছালে একটি গাড়ি সামনে থেকে অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে ইব্রাহীমের মৃত্যু হয়। আহত অবস্থায় শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অটোরিকশার চালক জামাল ও অপর গরু ব্যবসায়ী সিদ্দিকের মৃত্যু হয়।
লক্ষ্মীপুর: সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে বাসের চাপায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে এক স্কুলছাত্রী।
নিহত চারজন হলেন সদর উপজেলার অভিরখিল গ্রামের পল্লি চিকিৎসক ইউসুফ আলী (৪৭), তাঁর ছেলে সাকিব (৭), প্রথম আলো লক্ষ্মীপুর বন্ধুসভার ক্রীড়াবিষয়ক সম্পাদক ও একটি ওষুধ কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমান (৪৬), মান্দারী ইউনিয়নের দুর্ঘপুর গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক মো. মমিন (৩০)। নিহত মিজানুর রহমানের স্কুলপড়ুয়া মেয়ে এরিকাকে (১৪) গুরুতর অবস্থায় প্রথমে নোয়াখালী মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পুষ্পবরণ চাকমা বলেন, সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে মান্দারীর দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জোনাকি পরিবহনের একটি বাস রতনপুর গ্রামের কাছে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক।