ঈদের দিনে খুশির বৃষ্টি
রংপুরের বদরগঞ্জ উপজেলার আফ-তাবগঞ্জ ঈদগাহ মাঠে সোমবার (ঈদের দিন) ১০টায় ঈদের জামাত হয়। খোলা মাঠে বিশাল এ ঈদের জামাতে মুসল্লিরা যখন সিজদায় যান, ঠিক তখনই নামে কাঙ্ক্ষিত বৃষ্টি। বৃষ্টির মধ্যেই নামাজ ও খুতবা শেষ হয়।খুশির ঈদের জামাতে উপস্থিত মুসল্লিদের মধ্যে আরও খুশির সঞ্চার করে ভারী ওই বৃষ্টিপাত। ঈদের দিন থেকে গতকাল বুধবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছর মধ্য জুনে উপজেলায় কিছুটা বৃষ্টিপাত হয়। এরপর কৃষকেরা সেচ দিয়ে জমিতে আমনের চারা রোপণ করেন। টানা প্রায় দুই মাস ধরে বৃষ্টি না হওয়ায় প্রখর রোদে জমি ফেটে চৌচির হয়ে যায়। বৃষ্টিনির্ভর রোপা আমনের আবাদ বিপর্যয়ের মুখে পড়ে। উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘প্রায় দুই মাস ধরে উপজেলায় বৃষ্টি হয়নি। এতে কোথাও কোথাও সদ্য রোপা আমনের জমি ফেটে চৌচির হয়ে পড়ে। কিন্তু ঈদের দিন থেকে বৃষ্টি শুরু হওয়ায় কৃষকেরা বেজায় খুশি।’