ঈদের দিনে জামাই মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলায় কেনাকাটার ধুম পড়েছে। কেউ কিনছে মাছ, কেউ কিনছে মিষ্টি, কেউ বা কিনছে মনিহারি জিনিসপত্র। প্রতিবছর ঈদের দিনে এ মেলা বসে। খুলনার দীঘলিয়া উপজেলার এই মেলাটি ‘জামাই মেলা’ নামে পরিচিত। উপজেলার ব্রহ্মগাতি গ্রামে ব্রহ্মগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেলা বসে। মেলায় আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১০০ বছর ধরে জামাই মেলার আয়োজন চলছে এ এলাকায়। দূর-দূরান্ত থেকে জামাইরা এখানে এসে নামাজ পড়ে, বাজার করে শ্বশুরবাড়ি যায়। শুধু জামাইরা এখানে কেনাকাটা করে বলে এই মেলার নাম জামাই মেলা। মেলায় আসা ব্রহ্মগাতি গ্রামের রমিজ শেখ (৭৫) বলেন, ‘আমার জন্মের আগে থেকে এ মেলা চলে আসছে। এ মেলায় বহু দূরের জামাইরা আসে কেনাকাটা করতে। তারা নামাজ পড়ে কেনাকাটা করে শ্বশুরবাড়ি যায়। শুধু জামাইরা এখানে কেনাকাটা করে বলে নাম হয়েছে জামাই মেলা।’জামাই নাছির গাজী (৪৭) বলেন, ‘এই এলাকার জামাই হতে পেরে খুব ভালো লাগছে। এখানকার জামাই না হলে ব্যতিক্রমধর্মী এই মেলায় আসা হতো না। এটি ভিন্ন ধরনের একটি মেলা।’২৫ বছর ধরে এ মেলায় মিষ্টি বিক্রি করছেন নিখিল রায় (৪২)। তিনি বলেন, ‘আগে আমার বাবা এখানে মিষ্টি বিক্রি করতেন। প্রতিবছর এই দিনটার আশায় বসে থাকি। এ মেলায় বিক্রি ভালো হয়। এ দিনে ২৫-৩০ মণের মতো মিষ্টি বিক্রি হয়।’মাছ বিক্রেতা রণজিৎ বালা (৫০) বলেন, ‘২৬ বছর ধরে এখানে মাছ বিক্রি করছি। লাভ-ক্ষতির কথা চিন্তা করি না। এখানে আসলে বেশ আনন্দ পাই, তাই আসি।’শ্বশুর আরিফুল খান (৫১) বলেন, ‘আমরা ঈদে জামাইদের দাওয়াত করি। তারা শ্বশুরবাড়ি আসে। আমরা তাদের সালামি দেই।’ মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সরদার কাওসার আলী বলেন, ‘দূর-দূরন্ত থেকে জামাইরা এই মেলায় আসে। ১০০ বছর ধরে এ মেলা চলে আসছে। এখানে প্রতিবছর দুই হাজার লোক নামাজ পড়ে। আর মেলায় আট হাজারের মতো লোক আসে। এ মেলা আমাদের এলাকার ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা মেলাটিকে তিন দিন ধরে করার কথা ভাবছি।’