ঈদের দিনেও যারা হত্যাকাণ্ড চালায় তারা ইসলাম ও মানবতার শত্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতরের দিনেও যারা হত্যাকাণ্ড চালায়, তারা ইসলাম ও মানবতার শত্রু। পৃথিবীর কোনো ধর্মই সন্ত্রাসকে পছন্দ করে না। ইসলাম কোনো উগ্রতা, জঙ্গিবাদ ও সহিংসতাকে সমর্থন করে না। যারা এসব হামলার সঙ্গে জড়িত তারা ইসলাম, মুসলমান ও বিশ্বমানবতার শত্রু। গতকাল রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

বিবৃতিতে হেফাজতের আমির ও মহাসচিব বলেন, অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে মানুষ খুন করা, বৃদ্ধ, নারী ও শিশু হত্যা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মহানবী (সা.) যুদ্ধের ময়দানেও নারী, শিশু ও বৃদ্ধকে হত্যা করতে নিষেধ করেছেন। ইসলামের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই।

বিবৃতিতে বলা হয়, সরকারের উচিত দেশের ওলামা, পীর-মাশায়েখ, সব দেশপ্রেমিক নাগরিক, রাজনৈতিক দলগুলোসহ জাতিকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসবাদ প্রতিরোধ করা। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে দেশ মহাবিপদের সম্মুখীন হবে। এর জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। দেশ ধ্বংস করার ষড়যন্ত্র কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন, গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলায় মানুষ স্তম্ভিত। গোটা জাতি উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক ও অস্বস্তিতে ভুগছে। সাধারণ মানুষ, বিদেশি কূটনীতিকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। একই সঙ্গে রাজনীতির নোংরা খেলায় মত্ত না হয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন এবং এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করতে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হেফাজতের নেতারা।

বিবৃতিতে শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় হেফাজতকে নিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।