ঈদের দিনেও স্বজনহারাদের ক্ষোভ-বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার ঘরে ঘরে ঈদের আনন্দ। যে যার সাধ্যমতো ভালো খাবার রান্না করছেন, পরেছেন নতুন পোশাক, টুকটাক উপহার কিনেছেন। কিন্তু রাজধানীর খুব কাছে সাভারের বহু মানুষ আজ ঈদের দিনেও শুকনো মুখে হারানো স্বজনকে খুঁজে বেড়াচ্ছেন। বিভিন্ন দাবিতে পালন করছেন অবস্থান ধর্মঘট, চালাচ্ছেন অনশন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে কয়েক শ শ্রমিক সাভারের রানা প্লাজার সামনে বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তাঁরা রাজধানীতে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। সেখানে এক সমাবেশে তাঁরা সরকার ও বিজিএমইএর প্রতি রানা প্লাজায় আহত ও নিহত শ্রমিকদের সঠিক তালিকা প্রকাশের দাবি জানান।

এ ছাড়া দুপুর ১২টার দিকে কয়েক শ শ্রমিক এনাম মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ঈদ মেলায় অংশ নেন। হাসপাতালটির পরিচালক (গণসংযোগ) জাহিদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, এখনো বহু মানুষ তাঁদের স্বজনকে খুঁজে পাননি। এ ছাড়া অসংখ্য শ্রমিক সন্তান রেখে মারা গেছেন। তাঁদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল মেলায়। এখান থেকে এসব শিশু-কিশোরদের কাপড়চোপড় ও খেলনা দেওয়া হয়েছে। শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থাও করা হয়েছিল।

কিন্তু এত চেষ্টাতেও ক্ষোভ, দুঃখ প্রশমিত হয়নি স্বজনহারা মানুষদের। মেলায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম আহত শ্রমিকদের জন্য অনুদানের ঘোষণা দেওয়ার পরপরই ক্ষোভে ফেটে পড়েন মেলায় উপস্থিত মানুষজন। তাঁদের ক্ষোভ সরকার ও বিজিএমইএর প্রতি।

মেলায় অংশ নিতে আসা মানুষগুলোর অভিযোগ, সাভারের ঠিক যে জায়গায় রানা প্লাজা ছিল সে জায়গাটা উঁচু টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তাঁরা চাইলেও আর দুর্ঘটনাস্থলে যেতে পারছেন না। তাঁরা সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি পাচ্ছেন, কিন্তু স্বজন শনাক্ত না হওয়ায় কানাকড়ি সাহায্যও মিলছে না।

এসব মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সাভারে স্বজনদের খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। ধার-কর্জ করে সাভারে থাকছেন, একপেট-আধপেট খেয়ে চলছে জীবন। দাবিদাওয়া নিয়ে রাস্তায় নামায় পুলিশের লাঠিপেটাও চলেছে তাঁদের ওপরে। ঈদ উপলক্ষে বিজিএমইএর পক্ষ থেকে কেন কিছু করা হলো না, সে নিয়েও তাঁরা ক্ষোভ জানাতে থাকেন।

বিষয়গুলো বিজিএমইএতে আলোচিত হবে—এ প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য শেষ করেন আতিকুল ইসলাম।