ঈদের নামে অতিরিক্ত ভাড়া আদায় চলছেই
নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার বাসে আদায় হচ্ছে অতিরিক্ত ভাড়া। এতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। ঈদের পর ১০ দিন গেলেও অতিরিক্ত ভাড়া আদায় এখনো চলছে।ঢাকার সাভারে তৈরি পোশাকের একটি কারখানায় (গার্মেন্টস) কাজ করেন সৈয়দপুরসংলগ্ন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নিজাম উদ্দিন (২৫)। মা-বাবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে তিনি এসেছিলেন বাড়িতে। অল্প মজুরির ওই পোশাকশ্রমিক গতকাল শনিবার সকালে খুঁজছিলেন বাসের কমদামি টিকিট। এ কথা শুনে বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সৈয়দপুর-ঢাকাগামী বাস কাউন্টারের লোকজন। নিজাম অভিযোগ করে বললেন, ‘ঈদ ফুরিয়েছে সেই কবে। কিন্তু এখনো কেন বেশি ভাড়া আদায় হচ্ছে? আমরা গরিব মানুষ। এত দামে টিকিট কিনে কুলাতে পারব না।’সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া মহল্লার বাসিন্দা জাহানারা বেগম (৩২) ঢাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত। তিনি অভিযোগ করেন, ‘এমনিতেই সৈয়দপুর-ঢাকা পথে বাসের টিকিটের দাম কদিন আগেই বেড়েছে। ৩০০ টাকার টিকিট বিক্রি হয়েছে ৪৫০ টাকায়। আবার ঈদের অজুহাতে সেই টিকিটের দাম নেওয়া হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। দামাদামি করা হলে কাউন্টারের লোকেরা মারমুখী আচরণ করেন।’সৈয়দপুর দিবা ও নৈশকালীন কোচ কাউন্টার ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল বলেন, ‘ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার কোচে প্রতি ঈদেই অতিরিক্ত ভাড়া আদায় হয়ে থাকে। টিকিটপ্রতি ১০০ টাকা বেশি নিই আমরা। এবার ঈদে চাকরিজীবীরা লম্বা ছুটি পেয়েছেন। তাই অতিরিক্ত ভাড়া আদায়ও লম্বা সময় ধরে চলছে। দু-চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। যাত্রীদের চাপ কমলে ভাড়াও কমিয়ে আনা হবে।’ পরিবহনের লোকেরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন—এমন অভিযোগ অস্বীকার করেন তিনি।নীলফামারী জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো কারণ নেই। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।