পবিত্র ঈদুল ফিতরের পর নয় দিন পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-ঢাকা মহাসড়কে আসা-যাওয়ার পথে অতিরিক্ত বাসভাড়া আদায় বন্ধ হয়নি। বিভিন্ন পরিবহনপ্রতিষ্ঠান বাসযাত্রীদের কাছ থেকে ১১০ টাকা, ক্ষেত্রবিশেষে আরও বেশি অর্থ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। নবীনগর পৌর বাসস্ট্যান্ডে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নবীনগর থেকে ঢাকার বাসভাড়া বছরের অন্য সময় ২৪০ টাকা করে নেওয়া হয়। কিন্তু ঈদের দুই দিন আগ থেকেই ভাড়া বাড়িয়ে ৩৫০ টাকা করে আদায় শুরু হয়। এ নিয়ে যাত্রীরা প্রতিবাদ করলে পরিবহনপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়, ঈদের পর সর্বোচ্চ দুই দিন এ হারে ভাড়া আদায় করা হবে। কিন্তু ইতিমধ্যে নয় দিন পেরিয়ে গেলেও বাড়তি ভাড়া আদায় থামেনি। স্থানীয় সপ্তক সংগীত বিদ্যায়তনের সভাপতি সুদীপ দেব বলেন, ‘আমার দুই মেয়ে ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি আসার সময় ৩৫০ টাকা করে বাসভাড়া আদায় করা হয়েছে। শনিবার ঢাকায় ফেরার সময়ও তাঁদের কাছ থেকে ওই একই হারে ভাড়া নেওয়া হয়।’বাসস্ট্যান্ডে একাধিক যাত্রী ক্ষোভের সঙ্গে বলেন, কে শোনে কার কথা? অতিরিক্ত ভাড়া নিয়ে প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।অভিযোগের বিষয়ে ওই মহাসড়কে চলাচলকারী তিশা পরিবহন সার্ভিসের টিকিট-বিক্রেতা লিটন মিয়া ৩৫০ টাকা করে ভাড়া আদায়ের কথা স্বীকার করে বলেন, ‘ঈদের আগে আমাদের নামমাত্র যাত্রী নিয়ে ঢাকায় যেতে হয়েছে। আবার এখন ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে নবীনগর ফিরতে হচ্ছে। ক্ষতি পোষাতে ভাড়া বেশি নিতে হচ্ছে।’ নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দীন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। শিগগিরই বাসমালিকদের ডেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’