ঈদের পর অত্যাচারী সরকারকে বিদায় করা হবে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশ আজ মহাসংকটের মধ্যে আছে। বর্তমান সরকার পদে পদে দেশের সর্বনাশ করছে। এর থেকে দেশকে উদ্ধার করতে সবকিছু ভুলে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ আহ্বান জানান। রাজনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিকসহ পেশাজীবীদের সম্মানে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ইফতারের আগ মুহূর্তে খালেদা জিয়া তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় ঈদের পরে নতুন কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ‘জনগণ এই জালেম সরকারের হাত থেকে মুক্তি চায়। দেশের ৯৫ ভাগ মানুষ আমাদের সঙ্গে আছে। ৫ জানুয়ারির নির্বাচনে মানুষ তা বুঝিয়ে দিয়েছে। ঈদের পর কর্মসূচি দিয়ে এই অত্যাচারী সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা হবে।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপিসহ ২০ দল ঐক্যবদ্ধ আছে। জালেম সরকারের হাত থেকে দেশকে রক্ষায় এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে আরও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।’
এর আগে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান ‘জালেম’ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য চার বছর ধরে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের অন্যায়ভাবে কারাগারে আটক রেখেছে। সরকারের সব জুলুম, নির্যাতন ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
মঞ্চে খালেদা জিয়ার দুই পাশে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ ২০-দলীয় জোটের প্রধানেরা এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হকসহ ২৪ জন নেতা বসেন। জোটের বাইরে ইসলামী ঐক্য আন্দোলনের আমির ঈসা শাহেদী ও খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খানের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।
এ ছাড়া অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কবি আল মাহমুদ, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, মাহফুজ উল্লাহ, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, সৈয়দ অবদাল আহমদ প্রমুখ।
জামায়াতের নেতাদের মধ্যে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম মাছুম, আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জসিম উদ্দিন সরকার, মো. আবদুর রব, মতিউর রহমান আকন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।