বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে ঈদের পর আন্দোলন জোরদার করা হবে। সরকারকে তত্ত্বাবধায়কের দাবি মানতে বাধ্য করা হবে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের শায়লা স্কয়ার কমিউনিটি সেন্টারে ‘জিয়া পরিবার ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চট্টগ্রাম শাখা এই সভার আয়োজন করে।
আবদুল্লাহ আল নোমান বলেন, পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে ভয় পাচ্ছে। কোরবানি ঈদের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে চট্টগ্রামে সব আসন বিএনপি পাবে।
ড্যাব চট্টগ্রাম শাখার সভাপতি খুরশিদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক উপাচার্য ইনামুল হক, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, আশরাফুল কবির ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।