ঈদের পর আন্দোলন, বাধা দিলে পরিণতি হবে ভয়াবহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে ঈদুল আজহার পর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সেই আন্দোলনে ‘সরকার যদি বাধা দেয়, মামলা দেওয়ার চেষ্টা করে, তার পরিণতি হবে ভয়াবহ’ বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জে ১৮ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ হুঁশিয়ারি জানান। খালেদা জিয়া উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, ‘যদি বাঁচতে চান, মা-বোনদের বাঁচাতে চান, দেশকে রক্ষা করতে চান, দেশের উন্নয়ন চান, তা হলে আপনাদের খাড়া হয়ে দাঁড়াতে হবে।’সম্প্রতি বৌদ্ধদের বসতি ও মন্দিরে হামলার ঘটনা উল্লেখ করে খালেদা জিয়া অভিযোগ করেন, রামুর ঘটনার সঙ্গে সরকারের লোকজন জড়িত। কিন্তু ধরা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বিরোধী দলের লোকদের। অথচ ঘটনার পর আওয়ামী লীগের লোকেরা দেখতে গেলে ভিক্ষুরা তাদের তাড়া করেছেন। তিনি দাবি করেন, বিএনপি বৌদ্ধ সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে।খালেদা জিয়া অভিযোগ করেন, বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে সরকার ও সরকারের এজেন্সির লোকেরা তুলে নিয়ে গেছে। তিনি বলেন, দেশবাসী ইলিয়াস আলীকে ফেরত চায়। সকাল থেকে টানা বৃষ্টির মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, জামায়াতসহ জোটের শরিক দলগুলোর কর্মী-সমর্থকেরা সরকারি বৃন্দাবন কলেজের মাঠে (নিউ ফিল্ড) জড়ো হন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার জন্য এল—এ প্রশ্ন রেখে খালেদা জিয়া বলেন, তাদের প্রতিদিনকার জ্বালাও-পোড়াও আন্দোলনের কারণে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে ঢোকানো হয়েছে। তিনি বলেন, ‘তখন এর প্রয়োজন ছিল; কারণ, বিএনপি ক্ষমতায় ছিল। আর এখন এর দরকার নেই; কারণ, আওয়ামী লীগ ক্ষমতায় আছে।’বিএনপির চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ যে নির্বাচন কমিশন করেছে, তারা নিরপেক্ষ নয়। এরা টিয়াপাখির মতো আওয়ামী লীগের সুরে কথা বলে। তাই এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।খালেদা জিয়া বলেন, সরকার চুরি, দুর্নীতি করে এখন জঙ্গিবাদ ও মৌলবাদের ধুয়া তুলছে। তাঁর দাবি, বিএনপি নয়; আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গেই জঙ্গিদের সম্পর্ক। অথচ কিছু হলেই বিরোধী দলের ঘাড়ে দোষ চাপায়। তিনি জঙ্গিনেতা বাংলা ভাই ও শায়খ আবদুর রহমানের বিচারের কথা উল্লেখ করে বলেন, ‘আমার সরকারই তাঁদের ধরেছে।’খালেদা জিয়া তথ্যমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, সদ্য মন্ত্রী হওয়া এক বাম নেতার ছেলে অবৈধ ভিওআইপির ব্যবসার সঙ্গে জড়িত। ওই নেতা মুখে অনেক বড় বড় বুলি আওড়ান। কিন্তু বিটিআরসি তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।