ঈদের পর আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ জন্য তিনি নেতা-কর্মীদের তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা বিভাগের বিএনপি-সমর্থিত নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এ ঘোষণা দেন। তবে খালেদা জিয়া ঈদুল ফিতর নাকি ঈদুল আজহার পর আন্দোলনে যাবেন, সেটি পরিষ্কার করেননি।
খালেদা জিয়া বলেন, ‘সময় আসবে। তৈরি হন। সবাই বলছে আন্দোলন, আন্দোলন, আন্দোলন। ঈদের পর আন্দোলনের কর্মসূচি দেব।’ তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে র্যাব ও আওয়ামী লীগের ‘গুন্ডা বাহিনীর’ কারণে অনেক জায়গায় বিএনপি কর্মসূচি পালন করতে পারেনি। আগামী দিনে যখন মানুষ রাস্তায় নামবে, তখন তারা অস্ত্র চালাতে পারবে না। মানুষ দেখে স্তব্ধ হয়ে যাবে।
এর আগে ৫ জানুয়ারির নির্বাচনের পর একাধিক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেছিলেন, উপজেলা নির্বাচনের পর দল গুছিয়ে আন্দোলন শুরু করবেন। উপজেলা নির্বাচনের পর এই প্রথম খালেদা জিয়া আবার বললেন, ঈদের পর তাঁরা আন্দোলন শুরু করবেন।
খালেদা জিয়া নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, ‘আপনারাই জনগণের নির্বাচিত প্রতিনিধি। এ সরকার অবৈধ।’ তিনি জনপ্রতিনিধিদের জনগণের বিপদে-আপদে সামর্থ্য অনুযায়ী পাশে থাকা এবং বেশির ভাগ সময় নিজ এলাকায় থাকার নির্দেশ দেন।
বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, যাঁরা সরকারি দলের বাইরে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তাঁদের কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না।