ঈদের পর এবার বিয়ের হিড়িক
ঈদের রেশ শেষ না হতেই পাবনার বেড়ায় বিয়ের হিড়িক পড়েছে। গত দুই দিনে উপজেলায় শতাধিক বিয়ে হয়েছে। এর মধ্যে সব চেয়ে বেশি বিয়ে হয়েছে গতকাল শুক্রবার। এদিকে বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত থাকায় এলাকায় ভাড়ায় চালিত মাইক্রোবাস ও কারের সংকটও দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগে থেকেই পাত্র-পাত্রী ঠিক করা ছিল। বছরের এ সময়টাতে আত্মীয়স্বজনেরা গ্রামে আসায় ঈদের পরবর্তী কয়েক দিনের মধ্যে নির্ধারিত পাত্র-পাত্রীর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার উদ্যোগ নেয় পরিবারগুলো।
এদিকে বিয়ের হিড়িক পড়ে যাওয়ায় বেড়া শহরে ভাড়ায় চালিত মাইক্রোবাস ও কার শূন্য হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পৌর এলাকার বনগ্রাম মহল্লার আবু সাঈদ বলেন, ‘আমার বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিতে গিয়ে একটি মাইক্রো পাইনি। শেষে দ্বিগুণ ভাড়ায় অন্য এলাকা থেকে মাইক্রোবাস আনতে হয়েছে।’
বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আজ (গতকাল শুক্রবার) আমার সম্বন্ধীর মেয়ের বিয়ে। ঈদের এ সময়টাতে আত্মীয়স্বজনেরা সবাই গ্রামে আসে। বিয়ের বাড়িতে সাহায্য করার মতো লোকের অভাব হয় না। তা ছাড়া বর-কনে দুই পক্ষের বেশির ভাগ আত্মীয়স্বজনই বিয়েতে অংশ নিতে পেরেছে।’