ঈদের পর কর্মসূচি, সরকার বিদায় হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলডিপির ইফতার মাহফিলে খালেদা জিয়া সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন। ছবি: ফোকাস বাংলা
এলডিপির ইফতার মাহফিলে খালেদা জিয়া সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন। ছবি: ফোকাস বাংলা

সরকারকে ‘সাবধান’ করে দিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ঈদের পর বিএনপি কর্মসূচি শুরু করবে। তাঁরা বিশ্বাস করেন এর মাধ্যমে তাঁরা সরকারকে বিদায় করতে পারবেন।
আজ মঙ্গলবার এক ইফতার মাহফিলে খালেদা জিয়া এ কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিকদের সম্মানে ওই ইফতারের আয়োজন করে।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। সরকারকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সময় থাকতে সাবধান হন, আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন।’
খালেদা জিয়া আরও বলেন, ‘বন্দুকের জোর দেখাবেন না। এ বন্দুকই কাল হয়ে দাঁড়াবে, অনেক বড় শাস্তি পেতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। দেশে কোনো বৈধ সরকার নেই দাবি করে খালেদা জিয়া বলেন, এ কারণে দেশে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। আওয়ামী লীগ তাদের নিজেদের লোকজনকেও নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা লুটপাট, অত্যাচারে জড়িত।’

র‌্যাব বিলুপ্তির দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘র্যাব যতদিন থাকবে ততদিন গুম বন্ধ হবে না। র্যাব সিরিয়াল কিলারের মত টাকার বিনিময়ে মানুষ খুন করছে।’

খালেদা জিয়া বলেন, ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরে আসার নিরাপত্তা নেই। দিন যত যাচ্ছে গুম, খুন প্রতিনিয়ত বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে ডান, বাম ছোট বড় সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। 

অন্যদের মধ্যে এলডিপির সভাপতি অলি আহমদ ও মহাসচিব রেদওয়ান আহমেদ বক্তব্য দেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আর এ গণি, নজরুল ইসলাম খানসহ বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।