ঈদের পর চামড়ার ঝুঁকিপূর্ণ কাজে শিশু নিয়োগ দিলে ব্যবস্থা

ঈদুল আজহার পর চামড়া পরিবহন, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করার মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ দিলে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ কাজে যেন শিশুদের নিয়োগ না করা হয়, সেটি তদারক করা হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে চিঠি দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে বলা হয়, ঈদুল আজহার পর কাঁচা চামড়া বহন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের কাজে শিশুদের নিয়োগ করার প্রবণতা দেখা যায়। চামড়া প্রক্রিয়াকরণে অ্যাসিডসহ অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করার কারণে এবং চামড়াশিল্পের পরিবেশটি অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলে। সরকারঘোষিত ঝুঁকিপূর্ণ কাজের তালিকাতেও চামড়াশিল্পের বিষয়টি অন্তর্ভুক্ত আছে। ঈদুল আজহায় ট্যানারি শিল্পসহ অন্য কোথাও চামড়া পরিবহন ও প্রক্রিয়াকরণের কাজে যেন শিশুদের নিযুক্ত করা না হয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম বলেন, সরকার ২০১৩ সালে ট্যানারি ও চামড়াশিল্পে চামড়া প্রক্রিয়াজাতকরণসহ ৩৮টি কাজকে ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে চিহ্নিত করেছে। শ্রম আইন অনুযায়ী, ১৮ বছরের আগে কোনো শিশুকে কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া যাবে না।
আর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় বলেন, ঈদুল আজহা উপলক্ষে চামড়া পরিবহন, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের কেউ যাতে নিয়োগ না করে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে অধিদপ্তরের পরিদর্শকদের নিবিড় পরিদর্শনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।