ঈদের পর নির্দলীয় সরকারের দাবি আদায়ে জীবন দিয়ে সংগ্রাম করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর কমিটির নায়েবে আমির আবদুল হালিম। গতকাল মঙ্গলবার প্রেসক্লাবে দলের ইফতার অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
জামায়াতের ঢাকা মহানগর কমিটি সাংবাদিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করে।
সভাপতির বক্তব্যে আবদুল হালিম বলেন, ‘আমরা ঘরে ঘুমাতে পারি না, রাস্তায় মিছিল করতে পারি না। পুলিশ, বিজিবি ও র্যাব—সবাই মিলে এমনভাবে আমাদের ধরে রাখে। তার পরও আমরা পুলিশের গুলির তোয়াক্কা করি না। রাজপথে ছিলাম, রাজপথে থাকব। ঈদের পর নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে যে আন্দোলনের কথা বলা হচ্ছে, সে দাবি আদায় করার জন্য জীবন দিয়ে সংগ্রাম করব।’
এমন ‘সংকটকালে’ ইফতার অনুষ্ঠান আয়োজন করায় জামায়াতকে ধন্যবাদ জানান বিএফইউজের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ। তিনি বলেন, ‘জামায়াতের সাহসের তারিফ করি। যেখানে তারা অফিস খুলতে পারে না, বাসায় ঘুমাতে পারে না। যেখানে অনেকে জামায়াতমুক্ত দেশ চান, জামায়াতমুক্ত সংস্কৃতি গড়তে চান, সেখানে এই ইফতার অনুষ্ঠান একটি সোচ্চার প্রতিবাদ।’