এবারের রোজার ঈদের পর ট্রেনের ভাড়া সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার চট্টগ্রাম রেল স্টেশন আকস্মিক পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।এ সময় কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম স্টেশনের সব বুকিং সহকারী (টিকিট বিক্রেতা) ও প্রধান নিরাপত্তা পরিদর্শককে বদলির নির্দেশ দেন তিনি। এর আগে অক্সিজেন-হাটহাজারী ও হাটহাজারী-ভাটিয়ারী সংযোগ সড়ক পরিদর্শনে গিয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তিন প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেন মন্ত্রী। চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘রেলের ভাড়া বৃদ্ধির বিষয়ে সংসদীয় কমিটির সুপারিশ আছে। ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী বাসের ভাড়া ট্রেনের ভাড়ার তিন গুণ। আগামী ঈদের পর সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুসারে রেলের ভাড়া সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।’ গতকাল শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছান রেলমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. তাফাজ্জল হোসেন। ওই সময় উপস্থিত সাধারণ যাত্রীরা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, কাউন্টারে থাকা কম্পিউটার মনিটরে ‘নাই’ লেখা উঠলেও কালোবাজারে টিকিট বিক্রি হয় যেকোনো সময়। টিকিট কিনতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম মন্ত্রীকে জানান, মেঘনা এক্সপ্রেস ট্রেনের কাউন্টারে নিয়মিত নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা আদায় করা হয়। যাত্রীদের অভিযোগের পর রেলমন্ত্রী কাউন্টারে বুকিং সহকারীর দায়িত্বে থাকা সবাইকে পালাক্রমে দ্রুততম সময়ের মধ্যে অন্য স্টেশনে বদলি করতে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপককে নির্দেশ দেন। পরিদর্শন শেষে রেলমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের মতো এত কালোবাজারি কোথাও নেই। নিরাপত্তা কর্মী, রেলওয়ের কিছু কর্মকর্তা, বুকিং সহকারী ও দালালদের একটি চক্র গড়ে উঠেছে। তারাই টিকিট কালোবাজারি করে।’ মন্ত্রী এলেই রাস্তা মেরামত হয়: ওবায়দুল কাদেরের চট্টগ্রাম সফরের বিষয়ে জানতে পেরে গত শুক্রবার রাত ও গতকাল শনিবার ভোরে অক্সিজেন-হাটহাজারী সড়কে তাৎক্ষণকিভাবে কিছু সংস্কারকাজ করা হয়। এ সময় ওবায়দুল কাদের সওজের প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘আমি এই রাস্তা দিয়ে যাব না, তাই কাজ হয়নি। আপনারা কি মানুষকে ভাওতা দিচ্ছেন। তাহলে কি শুধু মন্ত্রী এলেই কাজ হয়।’ এরপর মন্ত্রী মুঠোফোনে সওজের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্করের সঙ্গে কথা বলে তিন প্রকৌশলীকে কারণ দর্শাতে নির্দেশ দেন। সওজের যে তিন প্রকৌশলীকে শোকজ করা হয় তাঁরা হলেন সওজ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহমেদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিয়াউদ্দিন।যোগাযোগমন্ত্রীর নির্দেশনা পেয়ে গতকাল বিকেলেই তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম স্টেশনের পাঁচ বুকিং সহকারীকে (কাউন্টারে টিকিট বিক্রেতা) বদলি করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকজনকেও বদলি করা হবে বলে রেল সূত্র জানায়। বদলি হওয়া পাঁচ বুকিং সহকারী হলেন: জসিমউদ্দিন (কুমিল্লা), কাজী মতিনুল ইসলাম (লাকসাম), আবদুল আউয়াল (হাশিমপুর), আলী আশরাফ (চাঁদপুর) ও মোতালেব মোল্লা (চট্টগ্রামের অন্য বিভাগে)। রেল পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী মহোদয়ের নির্দেশনা পেয়ে আমরা পাঁচজনকে তাৎক্ষণিক বদলি করি। আরও কয়েকজনকেও বদলির বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’