ঈদের পর থেকে রাজশাহী নগর হটস্পট, শনাক্ত ছাড়াল ১৫০০

রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে কোভিড-১৯ রোগীর সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই নগরে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫০৫। গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি করপোরেশনে নতুন করে ৪৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ জেলা সিভিল সার্জন এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।
রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় গত ১৫ মে। এরপর থেকে ধীরগতিতে কোভিডে আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা বাড়লেও ঈদের পর জুন মাস থেকে রাজশাহী নগর ‘হটস্পট’ হয়ে ওঠে। এই নগরে ৩১ মে পর্যন্ত রোগী ছিল মাত্র ৯ জন। ৩০ জুন পর্যন্ত এই রোগী বেড়ে দাঁড়ায় ৪৫৫ জনে। এরপর ১ জুলাই ৪৭তম দিনে ৫০০ রোগী শনাক্ত হয়। ১ হাজার রোগী ছাড়ায় ৭ জুলাই ৫৩তম দিনে। আর দেড় হাজার রোগীর সংখ্যা ছাড়াল গতকাল বুধাবর (১৫ জুলাই) ৬১তম দিনে। অর্থাৎ শেষ ৫০০ রোগী শনাক্ত হয়েছে গত ৮ দিনে।
এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় শুধু রাজশাহী নগরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ জন। আর জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ১ হাজার ৯২১ জন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭৪ জন। এর মধ্যে রাজশাহী নগরের ১৯৯ জন সুস্থ হয়েছেন। রাজশাহীতে মারা গেছেন ১৫ জন। এর মধ্যে রাজশাহী নগরে মারা গেছেন ৮ জন।