ঈদের পর নতুন মাত্রায় আন্দোলন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঈদের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন মাত্রায় আন্দোলন শুরু হবে। যুবদলের কারামুক্ত নেতাদের নিয়ে গতকাল শনিবার জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এ কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের পুরো সময়ে যে আচরণ দেখেছি, এতে নিশ্চিত হয়েছি যে এই সরকারের আমলে গণতন্ত্র নিরাপদ নয়। এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তিনি বলেন, নির্বাচন অবশ্যই নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এ জন্য নতুন মাত্রায় আন্দোলন শুরু হবে।সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণভাবে দুর্নীতিবাজ হিসেবে পরিচিত একজনকে প্রশ্রয় দিচ্ছেন। কেন প্রশ্রয় দিচ্ছেন, জাতি তা জানতে চায়।’দেশপ্রেমিকেরা দেশের সম্পদ লুট করে না: গতকাল সকালে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সদ্য পদত্যাগী মন্ত্রী আবুল হোসেনকে ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা অন্য দুর্নীতিবাজদের আরও উৎসাহী করবে। তিনি বলেন, ‘সাহসী দেশপ্রেমিকেরা কখনো দেশের সম্পদ লুট করে না; বরং দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে, যেমন করেছিলেন সাহসী মুক্তিযোদ্ধারা। আবুলের মতো সাধারণ কর্মচারী থেকে শত কোটি টাকার মালিকও হন না।’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন।