ঈদের পর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

আবারও ঈদের পর রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করা সবার নৈতিক দায়িত্ব।
আজ বৃহস্পতিবার এক ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এই আহ্বান জানান। বিএনপি-সমর্থক কৃষিবিদদের সংগঠন অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) রাজধানীর একটি হোটেলে এই ইফতারের আয়োজন করে।
কৃষিবিদদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং জনগণের ভোটের অধিকার রক্ষায় ‘জুলুমবাজ’ সরকারের বিরুদ্ধে ঈদের পর রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘ঈদের পর যে আন্দোলন হবে তা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, জনগণের ভোটের অধিকার রক্ষার আন্দোলন। জনগণই ঠিক করবে কারা সরকার গঠন করবে।’
খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল দেশ করার ষড়যন্ত্র করছে। বিএনপির আমলে কৃষি উত্পাদন বাড়াতে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সারের দাম বাড়িয়েছে। কৃষক এখন ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছে। গ্যাস-বিদ্যুতের অভাবে শিল্পও ধ্বংস হচ্ছে। কৃষি জমিতে কোনো ধরনের স্থাপনা না করারও আহ্বান জানান তিনি।

অন্যদের মধ্যে আয়োজক সংগঠনের আহ্বায়ক আনোয়ারুন্নবী মজুমদার, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।