ঈদের পর ফেরা নিয়ে'দুশ্চিন্তায়' যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঈদের পর মানুষের কর্মস্থলে ফেরা নিয়ে দুশ্চিন্তায় আছেন বলে জানিয়েছেন। তিনি আজ শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে নির্মাণাধীন দুটি ব্রিজের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঈদে স্বস্তিতে লোকজন বাড়ি ফিরলেও ঈদের পর হরতালের কারণে কর্মস্থলে ফেরা নিয়ে মানুষের মনে আতঙ্ক ও দুশ্চিন্তা কাজ করছে। এ দুশ্চিন্তা নিয়ে আমরা নিজেরাও দুশ্চিন্তাগ্রস্ত।’ তিনি আরও বলেন, ‘যারা হরতাল ডেকেছে, আমরা তাদের প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বান জানাতে পারি। তবে আমরা হরতাল বন্ধ রাখতে জোর করতে পারি না। তা ছাড়া হরতালের ব্যাপারে আইনগত কোনো বাধা-নিষেধ নেই। এ কারণে কোনো আইনও প্রয়োগ করা যাচ্ছে না।’

যোগাযোগমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে অনেক সময় অনেক কিছুই ঠিকঠাকমতো চলে না। তবে আমি একটা বিষয় বলতে পারি, গত ফেব্রুয়ারি থেকেই রাজনৈতিক দৃশ্যপট ও প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এ দৃশ্যপট যেকোনো সময় পাল্টাতে পারে। কাজেই পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে যাঁরা বিজয়ী হয়েছেন, এটাই রাজনীতির শেষ কথা নয়। কেননা রাজনীতিতে নির্বাচন পর্যন্ত যে হাওয়া বইতে থাকবে, এ হাওয়া শেষ পর্যন্ত কোন বাঁক নেবে, তা বলা মুশকিল। কাজেই এ মুহূর্তে অতিরিক্ত আত্মসন্তুষ্টিতে ভোগার কোনো কারণ নেই।’

সরকারি দল আওয়ামী লীগের হতাশ হওয়ার কারণ নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘আমাদের এখন কাজ হবে দেশের মানুষকে আমাদের উন্নয়ন ও আচার-আচরণ দিয়ে মন জয় করা। এ মন জয় করতে পারলেই জনগণের যে মনের অবস্থা, এটার পরিবর্তন হতে পারে।’