ঈদের পর বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার পর কুমিল্লায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হকের (সাক্কু) সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বেগম রাবেয়া চৌধুরী। গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরের বাদুরতলা এলাকায় রাবেয়া চৌধুরীর বাসভবনে ওই বৈঠক হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওই বৈঠক হয়। মেয়রের সঙ্গে দলের মূলধারার দূরত্ব কমিয়ে একসঙ্গে সরকারবিরোধী আন্দোলন করার জন্য ওই বৈঠক হয়। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া উপস্থিত ছিলেন। সূত্র জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিতে দুটি ধারা রয়েছে। একাংশের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক আমিন উর রশিদ (ইয়াছিন)। অন্য অংশের নেতৃত্বে আছেন মেয়র ও দক্ষিণ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক। গত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ দুই নেতার মধ্যে মতবিরোধ দেখা দেয়। তাঁদের নেতৃত্বে দল ও অঙ্গসংগঠনের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। দুই পক্ষ আলাদা কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচি পালন করে। গত পাঁচ বছরে উভয় পক্ষে কয়েক দফা সংঘর্ষ হয়। এ অবস্থায় ঐক্যবদ্ধ বিএনপি গড়ার লক্ষ্যে দলের কেন্দ্রীয় কমিটির নেতারা উভয় পক্ষকে চাপ দেন। জানা যায়, বৈঠকে মেয়র মনিরুল হক মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের কমিটিগুলোতে পদ দেওয়ার দাবি জানান।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ঈদের পর সরকার পতনের আন্দোলন নিয়ে বৈঠকে আলোচনা হয়।
মেয়র মো. মনিরুল হক বলেন, ‘বৃহস্পতিবার আপার (রাবেয়া চৌধুরী) সঙ্গে বৈঠক করেছি। কী ব্যাপারে বৈঠক হয়েছে, তা বলতে চাই না।’ তবে রাবেয়া চৌধুরী বলেন, ‘আমিই ওকে (মেয়র) খবর দিয়েছিলাম। এ মুহূর্তে কোন্দল না করে সবাই মিলে বিএনপিকে গড়তে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। দলকে গতিশীল রাখার জন্যই তাঁকে ডাকা হয়েছে।’