ঈদের পর ভাড়া থাকা বিলবোর্ডগুলো ছেড়ে দেওয়া হবে
ব্যাপক সমালোচনার মুখে রাজধানীর বিলবোর্ডের দখল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভিন্ন কোম্পানির কাছে ভাড়া দেওয়া বিলবোর্ডগুলো ঈদের পর মুক্ত করে দেওয়া হবে। তবে ফাঁকা বিলবোর্ডে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার অব্যাহত থাকবে। সরকারের উচ্চপর্যায়ের সূত্রে এ খবর জানা গেছে।সরকারি মহল জানায়, রাজধানীর বিলবোর্ডগুলোর বেশির ভাগই অবৈধ। বিভিন্ন সংস্থা এসব বিলবোর্ড দখল করে আছে। তা ছাড়া মহানগরের অনেক বিলবোর্ড ফাঁকা রয়েছে। ঈদের পর ভাড়া থাকা বিলবোর্ড ছেড়ে দেওয়া হবে। কেবল ফাঁকা বিলবোর্ডগুলোতেই প্রচার চলবে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার অব্যাহত রাখার পরিকল্পনা আছে।এদিকে, স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ঢাকা শহরের বিলবোর্ড দখলের ব্যাপারে কোনো বিজ্ঞাপনী সংস্থা বা এজেন্সি এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি। এ কারণে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কেউ লিখিত অভিযোগ করলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে।আবু আলম মো. শহিদ খান জানান, অবৈধ বিলবোর্ডের সংখ্যা কত এবং এর মালিক কারা—এ ব্যাপারে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পেলে ঈদের পর অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু হবে।