ঈদের পর মাঠে নামছে আওয়ামী লীগ: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, রমজান শেষে নতুন উদ্যমে মাঠে নামার ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ঈদের পর নতুন উদ্যমে জনগণের সামনে আওয়ামী লীগের সফলতা ও বিএনপির অতীতের কার্যক্রম তুলে ধরা হবে। আজ শুক্রবার দুপুরে চাঁদপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল। গত চার বছরে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেই সাফল্যের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ ছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের সময় দেশে কী অরাজক পরিস্থিতি ছিল, নিপীড়ন-নির্যাতন, দুর্নীতি-দুঃশাসন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ চলেছে, সেই কথাগুলো সাধারণ মানুষকে আবারও মনে করিয়ে দিতে হবে। তাঁরা যেন অতীতের কথা চিন্তা করে, বুঝে-শুনে ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন; সে জন্য দলীয় নেতা-কর্মীদের নতুন করে আবারও উজ্জীবিত করা হবে। বাড়ি বাড়ি গিয়ে অতীতের কথা যেমন স্মরণ করিয়ে দিতে হবে, তেমনি একই সঙ্গে সরকারের সাফল্যের কথাও মানুষের কাছে তুলে ধরতে হবে।’ দীপু মনি বলেন, ‘জনগণ যেন আমাদের আবারও সুযোগ দেন, যাতে আমরা উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি। দেশ যেন এগিয়ে যায় এবং ২০২১ সালে আমরা যেন অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি।’

এর আগে তিনি কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের ৫৮ কিলোমিটার দীর্ঘ বক্স কালভার্টের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন।