ঈদের পর লাগাতার আন্দোলনের প্রস্তুতি শিক্ষকদের
আলাদা বেতন স্কেল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে ঈদের ছুটির পর লাগাতার কর্মসূচি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সরকারি কলেজ ও প্রাইমারির শিক্ষকেরা বেতন স্কেল নিয়ে দাবি আদায়ে অনড় অবস্থান নিয়েছেন। এমনকি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচির কথা ভাবছেন প্রাইমারি শিক্ষকেরা।
আন্দোলনকারী একজন শিক্ষক নেতা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, তাঁরা মনে করছেন লাগাতার কর্মসূচি দেওয়ার আগে সরকার তাঁদের দাবি মানবে না। লাগাতার আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এ জন্য তাঁরাও লাগাতার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। এক সপ্তাহের মধ্যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি হবে।
শিক্ষকেরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উদ্যোগের কথা না শোনা পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে সরবেন না। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দিতে প্রধানমন্ত্রীর ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) চেয়ারম্যান আবদুল মান্নান বর্তমানে বিদেশে থাকায় মন্ত্রণালয় ও ইউজিসির পক্ষ থেকে অন্য কেউ আলোচনার উদ্যোগ নিতে পারছেন না। মন্ত্রিসভায় অষ্টম বেতন স্কেল অনুমোদনের আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বৈঠক করছিলেন। তখন শিক্ষকেরা বলেছিলেন, কোনো আমলা যেন বৈঠকে না থাকেন। এ জন্য সচিব পর্যায়ের কেউ এখন নিজ থেকে আলোচনার উদ্যোগ নিতে চাইছেন না।
শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল গতকাল প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত তাঁরা আলোচনার কোনো প্রস্তাব পাননি। ফলে ১৭ সেপ্টেম্বরের কর্মবিরতির পর ঈদের ছুটি শেষে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।
কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেছেন, প্রায় চার মাস ধরে তাঁরা আন্দোলন করছেন। কিন্তু সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় না। তাঁরা চান না শিক্ষার্থীদের ক্ষতি হোক। কিন্তু এখন বাধ্য হয়েই তাঁদের কঠোর কর্মসূচির দিকে যেতে হচ্ছে।
শিক্ষকেরা বলেন, তাঁরা জীবনে একবারই সিলেকশন গ্রেড পেয়ে আসছিলেন। তা-ও বিদ্যমান অধ্যাপকদের মধ্যে মাত্র ২৫ শতাংশ সিলেকশন গ্রেড পেয়ে গ্রেড-১-এ (সচিবদের সমমর্যাদার) যেতে পারতেন। কিন্তু নতুন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ায় সেই সুযোগ বন্ধ হয়ে গেল। এর ফলে গ্রেড-২ থেকেই একজন অধ্যাপককে চাকরি থেকে অবসরে যেতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ গ্রেড থাকায় কার্যত শিক্ষকদের অবস্থান আরও অবনমন হবে।
এদিকে মাধ্যমিক শিক্ষকেরা আন্দোলন প্রত্যাহার করলেও সরকারি কলেজের শিক্ষকেরা এখনো দাবি আদায়ে অনড়। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খন্দকার বলেন, ১৮ সেপ্টেম্বরের মধ্যে সিলেকশন গ্রেড বহালে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে দ্বিতীয়বারের মতো ১৯ ও ২০ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করবেন তাঁরা। তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছপা হওয়ার সুযোগ নেই। দেশে এখন ৩০৫টি কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৪ হাজার শিক্ষক রয়েছেন।
এদিকে বাংলাদেশ প্রাইমারি সহকারী শিক্ষক ঐক্যজোট গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সহকারী শিক্ষকদের গ্রেড-১২ করাসহ কয়েকটি দাবি জানিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা এখন থেকে প্রতি বৃহস্পতিবার অর্ধদিবস ও শনিবার পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে সহকারী শিক্ষকেরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জনসহ আরও কঠোর কর্মসূচি পালন করবেন।