বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে ইতিমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সরকার খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দিয়েছে। এসব মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে ঈদের পর চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে। এ আন্দোলনকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের মুরাদপুরের একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির এ কথা বলেন।মীর নাছির আরও বলেন, সরকার এ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। আমরা কোনো অসম চুক্তির মাধ্যমে দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেব না। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির নেতা ওয়াদুদ ভূঁইয়া, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মাজহারুল আলম, গোলাম আকবর খন্দকার, শ্রমিক দলের সভাপতি নাজিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান মাহমুদ, নগর জামায়াতের নায়েবে আমির আহসান উল্লাহ, নেজামে ইসলামের মুফতি ইজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের নেতা নাঈমুদ্দিন ও আবদুর রহমান চৌধুরী, এলডিপির ভাইস চেয়ারম্যান এম সলিমুল্লাহ, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ, জাহাঙ্গীর আলম প্রমুখ।