ঈদের পর সরকার পতনের আন্দোলন শুরু: নোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংলাপ বা আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান না হলে ঈদুল আজহার পর সরকার পতন আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, নির্দলীয় সরকারের দাবি আদায়ের জন্য ১৮-দলীয় জোট অনেক ধৈর্য ধরেছে। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই পেছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই।

গতকাল শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের নেতাদের এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নোমান।

আগামী রোববার নরসিংদীতে অনুষ্ঠেয় খালেদা জিয়ার জনসভা সফল করতে করণীয় নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

গতকালের বৈঠকে নরসিংদী জনসভা আয়োজন কমিটির আহ্বায়ক নোমানসহ ১৮-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য রেদোয়ান উল্লাহ শাহেদী, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য খন্দকার সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মহানগর কমিটির যৌথ সভা: গতকাল সকালে মহানগর কার্যালয়ে নগর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়।  সভায় বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্যসচিব আবদুস সালামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।