ঈদের পর সরকার পতনের কর্মসূচি: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর সরকার পতনের কর্মসূচি দেওয়া হবে বলে আবারও ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাম্যবাদী দলের একাংশ বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগদান করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়া এমন কথা বলেন।

সাম্যবাদী দলের একাংশের যোগ দেওয়ার ফলে ১৯-দলীয় জোট এখন ২০-দলীয় জোটে পরিণত হল।

আজ রাতে সাঈদ আহমেদের নেতৃত্বে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেয় সাম্যবাদী দলের একাংশ।

এ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, এই যোগদানের ফলে বিএনপির নেতৃত্বাধীন জোট আর শক্তিশালী ও  বেগবান হবে। আগামীতে জোটের পরিধি আরও বড় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএনপির চেয়ারপারসন ঈদের পর কঠোর আন্দোলন—এমন ঘোষণা দিয়ে বলেন, দেশ এখন কঠিন পরিস্থিতির মুখে। কে বাম কে ডান, কে বড়, কে ছোট, তা দেখার সময় নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে অবৈধ সরকারকে হঠাতে হবে। তিনি বলেন, ঈদের পর সব শক্তি দিয়ে এই অবৈধ সরকারকে বিদায় করে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

খালেদা জিয়া  আরও বলেন, আওয়ামী লীগ দেশকে এমন জায়গায় নিয়ে গেছে যে দেশে আর কিছুই থাকবে না। আওয়ামী লীগের হাত থেকে দেশ উদ্ধারে তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনূষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন।