ঈদের পর সিলেট বিভাগে জাপা প্রার্থী ঘোষণা দেবে?
সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে ঈদের পর জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবেন জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে গতকাল মঙ্গলবার ইফতার অনুষ্ঠানে আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আতিকুর রহমান।
আতিকুর রহমান বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি এরশাদের নেতৃত্বে সিলেট বিভাগে জাতীয় পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। পবিত্র ঈদুল ফিতরের পরেই তিনি সিলেটে মহাসমাবেশের মাধ্যমে বিভাগের ১৯টি আসনে জাতীয় পার্টির প্রার্থীর নাম ঘোষণা করবেন।’
১৯৯১ সালে যেভাবে সিলেটবাসী সাবেক রাষ্ট্রপতিকে জেল থেকে মুক্ত করার জন্য সিলেট বিভাগের আটটি সংসদীয় আসন উপহার দিয়েছিলেন, একইভাবে আগামী সংসদ নির্বাচনে সিলেটবাসী এরশাদকে ক্ষমতাসীন করতে অধিকসংখ্যক আসন উপহার দেবেন।
দক্ষিণ সুরমা উপজেলা জাপার সদস্যসচিব আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জাপা সিলেট মহানগরের আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহ আবদুল মতিন, সিলেট জেলা জাপার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবুল কাশেম প্রমুখ।