ঈদুল ফিতরের ছুটির পরই চট্টগ্রাম সিটি করপোরেশনের স্কুলগুলোর জন্য ১০০ জন শিক্ষকের চূড়ান্ত নিয়োগ হচ্ছে। এর মাধ্যমে করপোরেশনের দিবা ও প্রভাতি শাখার শিক্ষকসংকটের ইতিবাচক সমাধান হবে বলে আশা করা হচ্ছে।এ প্রসঙ্গে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও শিক্ষক নিয়োগ কমিটির সভাপতি আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল সমন্বয়ের মাধ্যমে ঈদের ছুটির পর শিক্ষকদের চূড়ান্ত নিয়োগ দেব। মৌখিকের আলাদা কোনো ফলাফল ঘোষণা করা হবে না।’ করপোরেশন সূত্রে জানা যায়, করপোরেশন পরিচালিত ৪৫টি স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট চলছে। বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয়ে পাঠদান চলছে। এ ছাড়া শিক্ষকসংকটের কারণে করপোরেশন পরিচালিত প্রভাতি শাখার স্কুলগুলো চালানো হচ্ছে জোড়াতালি দিয়ে। এ অবস্থায় গত বছর সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু প্রথম নিয়োগ পরীক্ষাটি স্থগিত হয়ে যায়। কারণ, নিয়োগপ্রক্রিয়ায় কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। গত ২৭ জুলাই সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩০ ও ৩১ জুলাই এবং ১ ও ৩ আগস্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এক হাজার ৭৬৬ জন প্রার্থী সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করেন। কিন্তু লিখিত পরীক্ষায় অংশ নেন এক হাজার ২০৪ জন। এতে পাস করেন ৪৬৬ জন। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ইসলাম ধর্ম, হিন্দুধর্ম, কম্পিউটার শিক্ষা, ব্যবসায় শিক্ষা, কৃষি, শরীরচর্চা ইত্যাদি বিষয়ে দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা হয়েছে।এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা অত্যন্ত স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে শিক্ষক নিয়োগের লিখিত এবং মৌখিক পরীক্ষা শেষ করেছি। নতুন শিক্ষকের চূড়ান্ত নিয়োগের মাধ্যমে করপোরেশনের বিভিন্ন স্কুলে বিষয়ভিত্তিক এবং দিবা ও প্রভাতি শাখার শিক্ষকের আর কোনো সংকট থাকবে না বলে আশা করছি।’