ঈদের পরও ঢাকায় 'বিশেষ নিরাপত্তা'
পবিত্র রমজান মাসের প্রথম থেকেই রাজধানী ঢাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।। ঈদের পর ঢাকার জনজীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা রাখা হবে।
আজ সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ এবং র্যাবের মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান।
ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, ঈদের সময় ঢাকা ছেড়ে যাওয়া মানুষ ফিরে না আসা পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে।
ডিএমপির কমিশনার দাবি করেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নগরবাসী শান্তিপূর্ণভাবে এবারের রমজান মাসে রোজা পালন করেছেন।
বেনজীর আহমেদ বলেন, এবারের ঈদে ৫০ লাখ মানুষ বাড়ি যাওয়ায় রাজধানীর ১০ লাখ বাসা-বাড়ি ফাঁকা হয়েছে। নগরের বিপণিবিতান, ব্যাংক-বিমা, অফিসও বন্ধ রয়েছে। তাই রাজধানীর সার্বিক নিরাপত্তার দিকে লক্ষ রাখা হবে।
প্রধান ঈদের জামাতের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি জানান, জাতীয় ঈদগাহ ময়দানের পুরো এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারও করা হবে। একটি চিকিত্সাকেন্দ্র ঈদগাহ মাঠের পাশে কাজ করবে। নামাজ আদায়ে এসে কোনো কিছু হারিয়ে গেলে লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে সহায়তা পাবেন মুসল্লিরা।
র্যাবের ডিজি মোখলেছুর রহমান জানান, ঈদের সময় কেবল ঢাকা শহর নয়, পুরো দেশেই নিরাপত্তার দায়িত্ব পালন করবে র্যাব। রাজধানীর নিরাপত্তায় আড়াই হাজার র্যাব সদস্য মোতায়েন থাকবেন। আর সারা দেশে থাকবেন সাড়ে তিন হাজার সদস্য। জনজীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁরা কাজ করবেন।
ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র্যাব। মোতায়েন থাকবে তাদের ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রীয়করণ দল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ইব্রাহিম হোসেন খান সাংবাদিকদের জানান, আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত হবে। চারটি গেট দিয়ে জাতীয় ঈদগাহে প্রবেশ করা যাবে। এখানে একসঙ্গে প্রায় ৯০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।