ঈদের পরদিনও আনন্দে উচ্ছল রাজধানী

‘আজকে শিশু পার্কে ঘুরতে চাইলে বাবা বাধা দেয়নি। উল্টো পকেট থেকে টাকা দিয়েছে’—আজিমপুর থেকে শিশু পার্কে ঘুরতে আসা তাহমিদুল হক এভাবেই জানাল তার আনন্দের কথা।
সকাল থেকেই শাহবাগের কেন্দ্রীয় শিশু পার্ক ছিল লোকে লোকারণ্য। শিশুদের দৌড়ঝাঁপ আর চিত্কারে সরগরম। রাইডে রাইডে চড়ে সময় কাটিয়েছে শিশুরা। মা-বাবাও মেতেছেন শিশুদের আনন্দের সঙ্গে। খবর বাসসের।
অন্যদিন সময় মেলে না। পরিবারের সবাই একসঙ্গে বের হওয়ার সুযোগ থাকে কম। সুযোগ থাকলেও রাস্তায় থাকে যানজটের বিড়ম্বনা। ঈদে সেই ঝঞ্ঝাট কম। পরিবার নিয়ে রাজধানীবাসী তাই মেতেছে ঈদের আনন্দে।
শিশু পার্কের মতো আজ হাতিরঝিল, মিরপুর জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, বলধা গার্ডেন, শিশুমেলা, ধানমন্ডি ও সায়েদাবাদের ওয়ান্ডারল্যান্ড, সংসদ ভবন চত্বর, শেরেবাংলা নগরের ক্রিসেন্ট লেক, ধানমন্ডি লেক, চন্দ্রিমা উদ্যান, বুড়িগঙ্গা ব্রিজ, বঙ্গবন্ধু নভোথিয়েটারসহ সব বিনোদনকেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা ছিল একটু অন্য রকম। টিএসসিহ ক্যাম্পাসজুড়ে ছিল তারুণ্যের উন্মাদনা। গিটার হাতে, আড্ডা দিয়ে গান-বাজনা করে সময় কাটিয়েছে তরুণ-তরুণীরা।
ঢাকার উড়ালসেতুগুলোও বাদ নেই। মোড়ে মোড়ে দাঁড়িয়ে আপনজনকে পাশে নিয়ে কেউ ছবি তুলছে, কেউবা দল বেঁধে চটপটি খাচ্ছে। খাবারের দোকানে বসে গল্পগুজব আর আড্ডাও জমে উঠেছে বেশ।
ঢাকার আশপাশেও ঈদের আনন্দের কমতি ছিল না। সকাল থেকেই শিল্পাঞ্চল আশুলিয়ার থিম পার্ক ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কে ছিল হাজার হাজার দর্শক। নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা যায় এসব বিনোদনকেন্দ্রে। মজার মজার বিভিন্ন রাইডসে চড়ে আর নেচে-গেয়ে মাতিয়ে তোলে পুরো এলাকা।