ঈদের পাঁচ দিন আগে থেকে ট্রাক পারাপার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটকে যানজটমুক্ত রাখতে আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিন আগে থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি পণ্যবাহী ট্রাক এর আওতায় পড়বে না। গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন নেতাদের এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানোরও সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ফেরিঘাটসহ মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, ট্রাফিক পরিদর্শক মাহমুদ মুরাদ ও মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল হোসেন ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোনায়েম খান উপস্থিত ছিলেন।