ঈদের পোশাকের আগেই সাদা কাপড়ে ফাহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে বড় ভাই পাভেল (১৫) ফোনে মা ঝর্ণা বেগমকে বলল, ফাহিমকে (১২) ঢাকায় নিয়ে আসতে। বড় ভাই ঈদের পোশাক কিনে দেবে, সে আনন্দে মায়ের সঙ্গে সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ডুমনি এলাকায় বাসা থেকে রওনা দেয় ফাহিম।

পাভেল ইস্টার্ন মল্লিকায় কাজ করে। সে মাকে বলেছিল, ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেলের সামনে নেমে হেঁটে ইস্টার্ন মল্লিকায় চলে আসতে। দুপুর দেড়টা। ট্রান্স সিলভার পরিবহনের বাসটিও ঠিক জায়গায় এল। মা আগে নামলেন। এরপর ফাহিম। হঠাৎ ভিআইপি ২৭ নামের একটি বাস পেছন থেকে এসে ফাহিমকে ধাক্কা দিল। পলকা শরীর। মুহূর্তেই সড়কে ওপর ছিটকে পড়ল সে।
আশপাশের লোকজন এসে ধরাধরি করে তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল। সেখানে আরও আধা ঘণ্টা। এরপর ডাক্তার জানিয়ে দিলেন, ফাহিম আর নেই।
ফাহিমকে ধাক্কা দেওয়া বাসটিকে জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। ট্রাফিক পুলিশের ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হাসান মোস্তফা স্বপন বলেন, ঘটনার পর ট্রান্স সিলভা পরিবহন ও ভিআইপি-২৭ নামের বাস দুটির চালককে আটক করে থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হবে।
গাজীপুরের শ্রীপুরের প্রহ্লাদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত ফাহিম। ফাহিমের বাবা জাহাঙ্গীর আলম রাজেন্দ্রপুরে চা বিক্রি করেন।
ধানমন্ডি থেকে ময়নাতদন্তের জন্য ফাহিমের লাশ নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। সেখানে ফাহিমের স্বজনেরা বলেন, ঢাকার হাজারীবাগের গণকটুলিতে ফাহিমের নানা বাড়ি। ইচ্ছে ছিল ঈদের নতুন পোশাক নিয়ে নানা বাড়িতে যাবে। সবাইকে ঘুরে ঘুরে দেখাবে সে পোশাক। তার আগেই হাসপাতালের মর্গে সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছে ফাহিমের লাশ।