ঈদের বরাদ্দের চাল এখনো পাননি দুস্থরা
ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দ দেওয়া বিশেষ ভিজিএফের চাল এখনো পাননি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের ১ হাজার ৩৩৯ জন দুস্থ। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের গাফিলতির কারণে তাঁরা চাল থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুস্থদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নে ১৩ টন ৩৯০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ঈদুল ফিতরের আগেই ওই ইউনিয়নের ২৮টি গ্রামের ১ হাজার ৩৩৯টি অসহায় ও দরিদ্র পরিবারের প্রত্যেকটিকে ১০ কেজি করে চাল বিতরণ করার কথা ছিল। ২৮ জুন ইউপি চেয়ারম্যানের নামে ডিও ছাড় দেওয়া হয়। কিন্তু কয়েকজন ইউপি সদস্য তালিকা তৈরি না করায় এবং চেয়ারম্যান মির্জা শামছুল আলম রাহুল ঈদুল ফিতরের এক সপ্তাহ আগে থেকেই ঢাকায় অবস্থান করায় এই চাল বিতরণ করা সম্ভব হয়নি। অথচ ঈদের পর চলে গেছে ১৫ দিন।
কয়েকজন ভিজিএফ সুবিধাভোগী বলেন, ‘মেম্বার সাবরার (সাহেবদের) মুখ থাইক্কা হুনছি ঈদের আগে গরিবরার লাইগ্যা সরহারি রিলিফ (চাল) আইছে। চাউল কুনদিন দিব জানবার লাইগ্যা চেয়ারম্যান সাবের বাড়িত গেছিলাম। হেইনরে ফাইছি না। অহন ঈদ গেলেগাও আমরা চাউল ফাইছি না।’
মাঘান সিয়াধার ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের আক্কাস মিয়া ও ৪ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেন দাবি করেন, তালিকা তৈরি করা নিয়ে বিলম্ব করার অভিযোগটি সঠিক নয়। ঈদের এক সপ্তাহ আগেই ইউপি চেয়ারম্যান ঢাকায় চলে গেছেন। কয়েক দিন আগে তিনি এলাকায় এলেও আবার ঢাকায় চলে যান। তাঁর গাফিলতির কারণেই ভিজিএফের চাল বিতরণ করা যাচ্ছে না।
মাঘান সিয়াধার ইউপির চেয়ারম্যান মির্জা সামছুল আলম গত শনিবার রাতে মুঠোফোনে দাবি করেন, ‘ভিজিএফের চাল বিতরণের কাজে আমার কোনো গাফিলতি ছিল না। জলমহালসংক্রান্ত মামলার কাজে প্রায়ই আমাকে ঢাকায় যেতে হচ্ছে। এ ছাড়া দু-তিনজন ইউপি সদস্য ভিজিএফের চাল বিতরণের তালিকা এখনো জমা দেননি। তাই যথাসময়ে তা বিতরণ করা সম্ভব হয়নি। তবে আগামী এক সপ্তাহের মধ্যেই দুস্থদের মধ্যে চাল বিতরণ করা হবে।’
পিআইও আরিফুর রহমান বলেন, কয়েকজন ইউপি সদস্য যথাসময়ে তালিকা তৈরি করে জমা না দেওয়ায় ও চেয়ারম্যান এলাকায় থাকায় চাল বিতরণ করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘ওই ইউনিয়নের ভিজিএফের পুরো তালিকা তৈরি করা হয়নি বলে শুনেছি। এ ছাড়া এই চাল বিতরণে চেয়ারম্যানের গাফিলতি রয়েছে। দুস্থদের মধ্যে চাল বিতরণ করার জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’