ঈদের বাজারে আরেক দফা বাড়ল নিত্যপণ্যের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানে নিত্যপণ্যের দাম বৃদ্ধির পর এবার ঈদের আগে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। চাল, ডাল, মসলা ছাড়া সব ধরনের ফলের দামও বেড়েছে। বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় এমন অবস্থা হয়েছে দাবি ভোক্তাদের।

গতকাল শুক্রবার নগরের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চিনি ৫ টাকা বেশি দামে ৭৪ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেলে লিটারপ্রতি দুই টাকা বেড়েছে। মোটা চালসহ সব ধরনের চালে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। মোটা চাল পাইকারি কেজিপ্রতি ৪৫ এবং খুচরা ৫০ টাকা, আটাশ বালাম খুচরা বাজারে প্রতি কেজি ৫২ টাকা, ভারতীয় স্বর্ণা পাইকারি বাজারে প্রতি কেজি ৪৬ টাকা ও খুচরা বাজারে ৪৮ থেকে ৪৯ টাকা, আটাশ বালাম (চিকন) প্রতি কেজি পাইকারি সাড়ে ৪৬ টাকা ও খুচরা বাজারে ৪৮ থেকে ৪৯ টাকা, মিনিকেট পাইকারি বাজারে ৫৩ থেকে ৫৪ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৮ টাকায়।

নগরের আড়তদার পট্টির চাল ব্যবসায়ী বাহাদুর হোসেন জানান, গত সপ্তাহে চালের দাম কেজিপ্রতি ৩ থেকে ৪ টাকা বেড়েছে। পাইকারি কেনার ওপর নির্ভর করে খুচরা বাজারে বিক্রি হচ্ছে।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বরিশালের সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত বলেন, পাল্লা দিয়ে নিত্যপণ্যের দাম বাড়ছে। অনেক পণ্যের দাম কেজিপ্রতি ৫ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে জোরদার ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা এ সুযোগ নিচ্ছেন।

এদিকে সব ধরনের ফলে কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা বেড়েছে। রমজানের শুরুতে প্রতি কেজি আপেল বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকায়। গতকাল বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকায়। প্রতি কেজি আঙুরের দাম ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকা। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। ১৬০ থেকে ১৭০ টাকা দরের খেজুর বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

ফল ব্যবসায়ী গণেশ দত্ত বলেন, বাজারে আমদানি থাকার পরও সব ধরনের ফলের দাম বেড়েছে। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারে দাম বেড়েছে।

অন্যদিকে ঈদ উপলক্ষে গরম মসলার দামও কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। নগরের বাজার রোডের বরিশাল মসলা হাউসের স্বত্বাধিকারী মোল্লা মাইনুদ্দিন জানান, জিরা প্রতি কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫৫ টাকায়। দারুচিনি ১০ টাকা বেড়ে ২২০ টাকা, এলাচি ২০ থেকে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকায়। কিশমিশ প্রতি কেজিতে ৩০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকায়। এর সঙ্গে হলুদ, মরিচসহ অন্য মসলার দামও বেড়েছে।

এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, বাজার মনিটরিং জোরদার আছে। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই। তবে ঈদের আগে চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা দাম বাড়ে। এটা ভোক্তারা স্বাভাবিকভাবে নেয়। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা ঘটলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।