ঈদের বাজারে জাল নোটের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে কক্সবাজার শহরের হাটবাজার, বাণিজ্যকেন্দ্র, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানে এখন জাল নোটের ছড়াছড়ি। জেলার টেকনাফ, উখিয়া, চকরিয়া ও মহেশখালী উপজেলায় প্রতিদিন সাধারণ মানুষের হাতে ধরা পড়ছে অসংখ্য জাল নোট।কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, জাল নোট তৈরি ও পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে। ইতিমধ্যে জাল নোট তৈরি চক্রের কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অন্যদেরও ধরার চেষ্টা চলছে। তিনি বলেন, রামুসহ জেলার কয়েকটি দুর্গম এলাকায় জাল নোট তৈরি ও নকল টাকা সরবরাহের ঘাঁটি রয়েছে। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর সেসব স্থানেও অভিযান চালানো হবে।নাম প্রকাশে অনিচ্ছুক শহরের কয়েকজন ব্যবসায়ী জানান, ঈদের কাপড়-চোপড় বিক্রির সময় প্রতিদিন একাধিক ৫০০ ও এক হাজার টাকার জাল নোট ক্রেতাদের হাতে পাওয়া যাচ্ছে। কিন্তু ওই জাল নোট ক্রেতাদের হাতে তুলে দিয়ে কাপড়গুলো ফেরত নেওয়া ছাড়া করার আর কিছু থাকে না। পুলিশ ডেকে জাল নোটসহ ক্রেতাদের ধরিয়ে দিলে নানা সমস্যা দেখা দিতে পারে।শহরের বাজারঘাটা নিউ মার্কেটের ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, গত তিন দিনে তাঁর দোকানে নয়টি ৫০০ টাকার জাল নোট ধরা পড়ে। কেনাকাটা করতে আসা তরুণ-তরুণীদের হাতেই এসব জাল নোট পাওয়া যাচ্ছে।গত সোমবার টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. ইসমাইলের বিরুদ্ধে জাল নোট সংরক্ষণ ও পাচারের অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসাইন জানান, প্রায় এক মাস আগে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার মেয়র মো. ইসমাইলের কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ ৫০০ টাকার ১১টি জাল নোট উদ্ধার করে এবং পরীক্ষার জন্য ঢাকা পাঠায়। নোটগুলো জাল প্রমাণিত হওয়ার পর সোমবার মেয়র মো. ইসমাইলের বিরুদ্ধে মামলা করা হয়। জাল নোট উদ্ধারের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাসান আহমদ পৌর কার্যালয় থেকে জাল নোট উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফের বহু প্রভাবশালী ব্যক্তি জাল নোট পাচারের সঙ্গে জড়িত।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশ ক্রেতা সেজে শহরের হাসপাতাল সড়ক থেকে জাল নোট পাচারকারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি ৫০০ ও একটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রামুর ফতেখারকুল ইউনিয়নের মণ্ডলপাড়ার মো. সুমন (২৯), জয়নাল আবেদীন (২৬) ও বাহাদুর (২৭)।পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, স্বপন নামের জনৈক এক ব্যক্তির কাছ থেকে তাঁরা ৫০ শতাংশ কমিশনের ভিত্তিতে জাল নোট নিয়ে হাটবাজারে ছড়াচ্ছেন। এই চক্রটি জাল নোট ছড়ানোর কাজে বেকার তরুণ-তরুণীদের ব্যবহার করছে।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, ৩ সেপ্টেম্বর পর্যন্ত গত ২৪ দিনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ১০ হাজার টাকার জাল নোটসহ ১১ ব্যক্তিকে আটক করেন।কক্সবাজার শহরের বাজারঘাটার সিটি ব্যাংকের ব্যবস্থাপক নওয়াব মিয়া সিকদার জানান, তাঁর ব্যাংকে প্রতিদিন ৫০০ টাকার একাধিক জাল নোট ধরা পড়ছে। শহরের লালদীঘির পাড়ে অবস্থিত উত্তরা ব্যাংকের ক্যাশিয়ার শামসুল ইসলাম জানান, এই ব্যাংকেও প্রতিদিন নগদ টাকা গোনার সময় একাধিক জাল নোট ধরা পড়ছে।কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নেশার বড়ি ইয়াবা, মাদকদ্রব্য পাচারকারী ও হুন্ডি ব্যবসায়ীরা জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন রাষ্ট্র থেকে হুন্ডির মাধ্যমে পাঠানো টাকার বেশির ভাগ গ্রাহককে জাল নোট ধরিয়ে দেওয়া হচ্ছে। সহজ-সরল সাধারণ মানুষ আসল-নকল না জেনে চকচকে নতুন জাল নোট পকেটে নিয়ে গ্রামে ফেরেন।