ঈদের বাজারে প্রচণ্ড ভিড় পোশাকের দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসের কুড়ি দিন পেরিয়ে যাচ্ছে। কেনাকাটা নিয়ে জীবনযাত্রা এখন ব্যতিব্যস্ত। হাতে সময় আর বেশি নেই। ঈদের কেনাকাটা এক দিনে শেষ হওয়ার নয়। এ-মার্কেট সে-মার্কেট ঘুরে যাচাই-বাছাই করে তবেই কেনা। পোশাক থেকে প্রসাধনী অবধি কেনাকাটার তালিকাও থাকে দীর্ঘ। ঢাকা শহরজুড়ে অজস্র বাজার, ছোট-বড় নানা রকমের বিপণিবিতান। এ ছাড়া আছে ফ্যাশন হাউসগুলোর নিজস্ব বিক্রয়কেন্দ্র। পছন্দের পোশাক-আশাকের সমস্যা নেই। সমস্যা হলো যাতায়াত করাটা। মাথার ওপরে খররোদ। পথে দুর্বিষহ যানজট। ক্ষণে ক্ষণে লোডশেডিং। মার্কেটগুলোর ভেতরে তন্দুরের মতো গরম। এর ভেতরেই ঘুরে ঘুরে চলছে কেনাকাটা। ঈদের বাজারে এখন প্রচণ্ড ভিড়।গতকাল রোববার নয়াপল্টন এলাকার গাজী ভবন, পলওয়েল মার্কেট, পল্টন সুপার মার্কেট, সিটি হার্ট মার্কেট; শান্তিনগর এলাকার কনকর্ড টুইন টাওয়ার মার্কেট, ইস্টার্ন প্লাস ও কর্ণফুলী গার্ডেন সিটি ঘুরে দেখা গেল, বেচাকেনা চলছে জমজমাট। গাজী ভবনের লালা ফ্যাশনের নুরুল ইসলাম জানালেন, তাঁদের এখানে রয়েছে পুরুষদের পোশাকের বিপুল সম্ভার। এবারের ঈদে তরুণদের পছন্দ ‘ন্যারোকাট’ জিন্স প্যান্ট। এসব প্যান্টের দাম ৯০০ থেকে ১৮০০ টাকার মধ্যে। এ ছাড়া ফরমাল প্যান্ট রয়েছে ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। শার্টের দাম ৫০০ থেকে ১২০০ টাকার মধ্যে। টি-শার্টের দাম ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। এখানেই টোটাল ট্রাউজার্সে রয়েছে শিশুদের হরেক রকমের পোশাক। বিক্রেতা আল-আমিন জানালেন, ৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে পাওয়া যাবে শিশুদের পোশাক।এবার ঈদের বাজারে জামা-কাপড়ের দাম গতবারের চেয়ে বেশ চড়া। পলওয়েল মার্কেটের নাইম এন্টারপ্রাইজের বিক্রেতা নাজির হোসেন জানালেন, এমব্রয়ডারির কাজ করা কসমো জিন্স প্যান্ট বিক্রি হচ্ছে ১২০০ থেকে ২২০০ টাকার মধ্যে। থাইল্যান্ডের তৈরি ফুল হাতা শার্ট ১০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। চীনের তৈরি পোশাকের দাম একটু কম। চীনের তৈরি শার্ট ৬০০ থেকে ১৫০০ টাকা। গত বছর যে শার্ট ৪০০ টাকায় বিক্রি হয়েছে, এবার তার দাম ৬০০ টাকা। প্যান্টের ক্ষেত্রেও প্রতিটিতে ২০০ থেকে ৪০০ টাকা দাম বেশি। বিক্রেতারা জানালেন, দেশি টাকার মানের তুলনায় মার্কিন ডলারের দাম বেশি হওয়া এবং পোশাক আমদানির কর বাড়ানোর কারণে এবার পোশাকের দাম বেড়েছে। দাম চড়া বলে বেচাকেনা গতবারের চেয়ে এবার কম বলেই জানালেন বিক্রেতারা।তবে ক্রেতারা কেনাকাটা বন্ধ করেননি। ঈদের পোশাকে দাম বেশি হলেও কিনতে তো হবেই—এমনই মন্তব্য করলেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান। পলওয়েল মার্কেটে তিনি ঈদের পোশাক কিনতে এসেছিলেন। জিন্স প্যান্ট কিনেছেন ১৯০০ টাকা দিয়ে। তিনি বললেন, গত বছর এই প্যান্টের দাম ছিল ১৪০০ টাকা।সিটি হার্ট মার্কেটে শাড়ির দোকানগুলোতে বেচাকেনা মন্দা। শাড়ির দোকান মনময়ূরীর ব্যবসায়ী মোশাররফ হোসেন জানালেন, বেচাকেনা খুবই কম। তাঁর মতে, বিক্রি কম হওয়ার কারণ, ঢাকা শহরে তো অনেক মার্কেট হয়েছে। তা ছাড়া মফস্বল শহরেও এখন প্রচুর দোকানপাট গড়ে উঠেছে। সেখানে শাড়ি থেকে সবকিছুই পাওয়া যায়। লোকজন তাদের এলাকার মার্কেটেই কেনাকাটা করে থাকে। ঢাকায় কেনাকাটা করতে আসে না তারা। দেশি সুতি শাড়ির দাম বাড়েনি বলেই জানালেন তিনি। তাঁতের শাড়ি সর্বনিম্ন ৪০০ থেকে ২০০০ টাকার মধ্যেই পাওয়া যাবে। টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়ির দাম ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। বালুচরি ৬০০ থেকে ১২০০ টাকা। বিদেশি সফট ও ক্রেপ সিল্ক শাড়ি ১০০০ থেকে ৩০০০ টাকা। থ্রিপিসের দাম ১০০০ থেকে শুরু করে ৯০০০ টাকা পর্যন্ত। দরদাম যাই হোক, ঈদ সামনেই। কেনাকাটার পর্ব দিনে দিনে আরও জমজমাট হয়ে উঠবে বিপণিবিতানগুলোতে—এমনই আশা করছেন বিক্রেতারা।