ঈদের বিক্রি নিয়ে হতাশ ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের বাজারে বিক্রি করতে সানমার ওশান সিটিতে তিনটি দোকানে এবার প্রায় চার হাজার দেশি–বিদেশি পোশাক তুলেছিলেন আনিসুর রহমান। এর মধ্যে অর্ধেকই বা প্রায় দুই হাজার পোশাকই বিক্রি হয়নি।

আনিসুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ১২ বছরের এ ব্যবসায় এত খারাপ অবস্থা আগে কখনো হয়নি। কম দামি পোশাক বিক্রি হলেও দামি পোশাকের ক্রেতা ছিল খুবই কম।

আনিসুর রহমানের মতো এবার ঈদের বাজারে বেচাকেনা নিয়ে হতাশা দেখা গেছে দোকানমালিকদের। ব্যবসায়ীদের ধারণা, মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। আর যাঁরা সচ্ছল তাঁদের অনেকেই ভারতমুখী হয়েছেন। ভিসা সহজ ও ভ্রমণ খরচ কম হওয়ায় ভারতে গিয়ে ভ্রমণের পাশাপাশি পোশাক সংগ্রহ করে এনেছেন। এর প্রভাবে অভিজাত বিপণিকেন্দ্রগুলোতে এবার বিক্রি কমেছে।

চট্টগ্রামের শহর এলাকার ৫২টি বিপণিকেন্দ্রে এবার ঈদের বেচাকেনা হয়। প্রতিবছর ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা বড় অঙ্কের অর্থ খরচ করে পোশাক সংগ্রহ করেন। এবার বিক্রি কমে যাওয়ায় হতাশা দেখা গেছে তাঁদের মধ্যে।

ঈদের আগের রাতে নগরের মিমি সুপার মার্কেট ও আফমি প্লাজা ঘুরে দেখা গেছে, দুটি বিপণিকেন্দ্রের বাইরে গাড়ির ভিড়। কিন্তু দুটিতেই ক্রেতাদের ভিড় ছিল না। রাত ১০টায় মিমি সুপার মার্কেটে কোনো কোনো দোকানে একজন ক্রেতাও ছিল না। কোনো দোকানে এক-দুজন ক্রেতার দেখা মিলেছে। একই অবস্থা ছিল পাশের আফমি প্লাজায়ও।

ব্যবসায়ীরা জানান, এবার ঈদের আগে থেকে বৃষ্টি ছিল। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে মানুষজন পানিবন্দী ছিল। দূরদূরান্ত থেকে ঈদের কেনাকাটার জন্য অনেকে বিপণিকেন্দ্রগুলোতে আসতে পারেনি। তাঁরা কাছাকাছি বিপণিকেন্দ্র থেকে পোশাক সংগ্রহ করেছে।

আবার আগে যারা একজনের জন্য একাধিক পোশাক ক্রয় করত, তারা একটা পোশাক কিনেছে। দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পোশাকের বিক্রি হলেও এর চেয়ে বেশি দামি পোশাকের বিক্রি হয়েছে খুবই কম।

চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঈদের বিক্রি নিয়ে আমরা হতাশ। গত বছরের চেয়ে বিক্রি কমেছে। চাঁদরাতে পাঞ্জাবির বেচাকেনা প্রতিবছর বাড়ে কিন্তু এবার তা হয়নি।’

ব্যবসায়ীরা জানান, বাড়িভাড়াসহ নানা খাতে আনুষঙ্গিক খরচ বাড়ছে। নানা পেশার নির্দিষ্ট আয়ের মানুষজনের আয় সে অর্থে বাড়েনি। হাতে যখন পর্যাপ্ত অর্থ থাকবে না, তখন পোশাকের জন্য খরচ করবে কম। এর প্রভাবই পড়েছে এবার ঈদবাজারে।

খুচরা পোশাকের বেচাকেনা কমে যাওয়ায় প্রভাব পড়েছে পাইকারি বাজারেও। পোশাকের পাইকারি বাজার টেরিবাজারে এবার অনেক ব্যবসায়ী পাওনা বুঝে পাননি।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান গতকাল প্রথম আলোকে বলেন, এমনিতেই পাইকারি বাজারে গত বছরের তুলনায় বেচাকেনা অর্ধেকে নেমেছে। আবার বাকিতে বিক্রি করা পোশাকের টাকাও বুঝে পাননি অনেক পাইকারি ব্যবসায়ী। লেনদেন নিয়ে এখন প্রায়ই সমস্যা হচ্ছে।