ঈদের বিশেষ ট্রেন চিলাহাটি পর্যন্ত চালানোর দাবি
কোরবানির ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশেষ ট্রেনটির গন্তব্য পুনর্নির্ধারণের দাবি উঠেছে। ঢাকা-পার্বতীপুর পথে চলাচলকারী ওই ট্রেনটি সীমান্ত স্টেশন নীলফামারীর চিলাহাটি পর্যন্ত চালানোর দাবি করছেন স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা।
সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন গতকাল বুধবার ওই দাবি জানিয়ে একটি চিঠি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।
রেলওয়ের সূত্রে জানা গেছে, ঈদে রেলওয়েতে যাত্রীর চাপ বহুগুণ বেড়ে যায়। নিরাপদ বাহন হিসেবে ট্রেনকেই গুরুত্ব দিয়ে থাকেন যাত্রীরা। ফলে স্বাভাবিকের তুলনায় ঈদে তিন গুণ বেশি যাত্রী পরিবহন করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিশ্চিত করতে ঢাকা-খুলনা ও ঢাকা-পার্বতীপুর রুটে প্রতিবছর দুটি বিশেষ ট্রেন পরিচালনা করে। পার্বতীপুর রুটের ট্রেনটি চিলাহাটি পর্যন্ত গন্তব্য পুনর্নির্ধারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি করছেন এলাকাবাসী। ওই দাবির সপক্ষে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) বরাবরে একটি চিঠি দিয়েছেন।
ওই চিঠিতে বলা হয়, বিশেষ ট্রেনটি সৈয়দপুর, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের যাত্রীদের সেবা দিতে ব্যর্থ হচ্ছে। ট্রেনটি যদি পার্বতীপুরের পরিবর্তে ৭০ কিলোমিটার দূরবর্তী চিলাহাটি পর্যন্ত গন্তব্য পুনর্নির্ধারণ করা হয়, তাহলে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে ও রেলওয়েরও আয় বাড়বে।
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘চিলাহাটি স্টেশনটিতে ট্রেন পরিচ্ছন্ন স্থাপনা (ওয়াশপিট), নিরীক্ষণ সুবিধা সবই রয়েছে। সম্প্রতি স্টেশনটির আধুনিকায়নও হয়েছে। তাই বিশেষ ট্রেনটি চিলাহাটি পর্যন্ত চালানোর দাবি করছি।’
এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার বলেন, চিলাহাটি পর্যন্ত ট্রেনটি চালাতে কিছু কারিগরি সমস্যা রয়েছে। তবে সৈয়দপুর পর্যন্ত ট্রেনটির গন্তব্য পুনর্নির্ধারণ করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী বলেন, চিলাহাটি পর্যন্ত বিশেষ ট্রেনটি চালানো অসম্ভব নয়।