ঈদের বিশেষ বরাদ্দের চাল এখনো বিলি হয়নি!
কক্সবাজারের মহেশখালী উপজেলার চার ইউনিয়নে ঈদের বিশেষ ভিজিএফের চাল এখনো বিতরণ হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় মহেশখালীর ২২ হাজার ৮৪০টি পরিবারের জন্য ২২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। তার মধ্যে মাতারবাড়ি ইউনিয়নের জন্য ৩১ মেট্রিক টন, ধলঘাটার জন্য ২২ মেট্রিক টন, কালারমারছড়ার জন্য ৩৬ মেট্রিক টন, শাপলাপুরের জন্য ২৫ মেট্রিক টন, হোয়ানকের জন্য ৩৬ মেট্রিক টন, বড় মহেশখালীর জন্য ৩১ মেট্রিক টন, কুতুবজোমের জন্য ২৪ মেট্রিক টন ও ছোট মহেশখালীর জন্য ২৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ঈদের আগে এসব চাল দুস্থ নারীদের মাঝে বিতরণের কথা। ঈদের আগে চার ইউনিয়নে এসব চাল বিতরণ করা হলেও বাকি চারটি ইউনিয়নে গতকাল শনিবার পর্যন্ত বিতরণ করা হয়নি।
কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকার বাসিন্দা নুরে আলম ও কফিল উদ্দিন বলেন, ঈদের আগে দুস্থ নারীদের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু এখনো ওই চাল বিতরণ না করায় দুস্থ নারীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী বলেন, শিগগিরই ঈদের বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম বলেন, উপকারভোগীদের তালিকা তৈরি করতে বিলম্ব হওয়ায় এখন পর্যন্ত কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী ও ছোট মহেশখালী ইউনিয়নে ঈদের বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা সম্ভব হয়নি।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, শিগগিরই ওই চার ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হবে।