ঈদের বিশেষ ভিজিএফ চাল বিতরণ হয়নি দুই মাসেও!
দুই মাস পার হলেও কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে ঈদের বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়নি। কিন্তু ঈদের আগে অসহায় দুস্থ মহিলাদের জন্য সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিজনের ১০ কেজি করে মোট তিন হাজার ২০০ পরিবারের জন্য চাল বরাদ্দ দেয়। কিন্তু জনপ্রতিনিধির গাফিলাতির কারণে তা বিতরণ করা হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গত ঈদুল আজহা উপলক্ষে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলায় আটটি ইউনিয়নের ২২ হাজার ৮৪০টি পরিবারের জন্য ২২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। তার মধ্যে মাতারবাড়ি ইউনিয়নের জন্য প্রায় ৩২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। তবে ঈদের আগে এসব ভিজিএফের চাল অসহায় দুস্থ মহিলাদের মাঝে বিতরণ করার কথা থাকলেও গতকাল বুধবার পর্যন্ত মাতারবাড়ি ইউনিয়নে ওই চাল বিতরণ করা হয়নি। মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার বাসিন্দা কবির হোসেন ও আহমদ নবী জানান, সরকার ঈদের আগে এলাকার দুস্থ গরিব মহিলার জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিদের গাফিলাতির কারণে গত দুই মাসেও ওই চাল বিতরণ করা হয়নি। স্থানীয় মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন বলেন, সরকার অসহায় দুস্থ মহিলাদের জন্য ঈদের আগে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় প্রায় তিন হাজার ২০০ পরিবারের জন্য ৩২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এসব চাল ঈদের আগে বিতরণ করার কথা থাকলেও গত দুই মাসেও তা বিতরণ করা হয়নি। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, নদীতে পানি না থাকার কারণে নৌকা খাদ্যগুদামের জেটিতে ভিড়তে পারেনি। এ কারণে চাল উত্তোলন করতে ১৫ দিন বিলম্ব হয়। পরে পারিবারিক নানা সমস্যার কারণে এত দিন ধরে চাল বিতরণ করা সম্ভব হয়নি। তবে কয়েক দিনের মধ্যে ওই চালগুলো বিতরণ করা হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভিজিএফ চাল বিতরণ করতে ওই ইউপি চেয়ারম্যানকে অনেকবার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু নানা অজুহাত দেখিয়ে তিনি দুই মাসেও চাল বিতরণ করেননি। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই কয়েক দিনের মধ্যে চাল বিতরণ করার জন্য ওই ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি।’