ঈদের বিশেষ লঞ্চ ১৪ আগস্ট থেকে
ঈদ উপলক্ষে ১৪ আগস্ট থেকে দেশের দক্ষিণাঞ্চলের ৩৯টি রুটে বিশেষ লঞ্চ সার্ভিস চলাচল করবে। এই অঞ্চলের যাত্রীদের ঈদ-যাত্রা নির্বিঘ্ন করতে বিআইডব্লিউটিএ বিশেষ এই ব্যবস্থা নিয়েছে। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ১৪ আগস্ট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চলাচল শুরু করবে। লঞ্চমালিকদের দাবি, ঘরমুখী মানুষদের কাছে থেকে সরকার-নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হবে না। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন উপপরিচালক মো. সাইফুল হক খান বলেন, ১৩ আগস্ট থেকে সদরঘাট টার্মিনাল এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নদীতে র্যাব ও পুলিশের পাশাপাশি কোস্টগার্ড সার্বক্ষণিক টহল দেবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মেরিন কোর্ট ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার ভাইস চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন জানান, লঞ্চমালিকেরা টার্মিনালে যাত্রীর উপস্থিতির ওপর নির্ভর করে বিশেষ লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করবেন। যাত্রীসেবা নিশ্চিত করতে টার্মিনাল এলাকায় যানজট নিরসন, পর্যাপ্ত পানির ব্যবস্থা ও টয়লেটের ব্যবস্থা করতে তাঁদের সমিতির পক্ষ থেকে লিখিতভাবে বিআইডব্লিউএকে জানানো হয়েছে।বিআইডব্লিউটিসির এজিএম মো. খালেদ নেওয়াজ বলেন, ১৪ আগস্ট থেকে ঢাকা, বরিশাল ও মোরেলগঞ্জ রুটে প্রতিদিন বিআইডব্লিউটিসির বিশেষ দুটি রকেট স্টিমার চলবে।ডিএমপির কোতোয়ালি থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশের একাধিক দল সার্বক্ষণিক টহল দেবে।