ঈদের বিশেষ লঞ্চ ২৭ আগস্ট থেকে
লঞ্চে কোনো অবস্থাতেই অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। ২৮ আগস্ট থেকে ঈদের পরবর্তী সাত দিন পর্যন্ত দিনে-রাতে কোনো ধরনের পণ্যবাহী জাহাজ ও বাল্কহেড নৌবন্দর এলাকায় চলাচল করতে পারবে না। এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ আগস্ট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু হবে।
ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার বিকেলে সদরঘাট টার্মিনালের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ আয়োজিত (বিআইডব্লিউটিএ) সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক বলেন, ২০ আগস্ট থেকে সদরঘাট টার্মিনালের নতুন ভবনে অগ্রিম টিকিট বিক্রি করতে হবে। এর ব্যতিক্রম ঘটলে দুর্নামের ভার লঞ্চের মালিকদের নিতে হবে। প্রতিটি লঞ্চে দক্ষ মাস্টার ও চালকের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং তাঁদের নির্ধারিত পোশাক পরতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে টার্মিনাল পর্যন্ত রাস্তা সার্বক্ষণিক একমুখী রাখতে হবে। তিনি আরও বলেন, যাত্রীদের হয়রানি রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা দরকার।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, মাঝনদীতে নৌকা থেকে কোনো অবস্থাতেই যাত্রীদের লঞ্চে উঠতে দেওয়া যাবে না।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, সদরঘাট টার্মিনাল এলাকায় যাত্রী হয়রানি রোধ ও নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে। সড়ক হকারমুক্ত ও যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করবে।
অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার (যাপ) সহসভাপতি বদিউজ্জামান বলেন, যাত্রীরা যাতে নিরাপদে লঞ্চে ওঠানামা করতে পারে, সে জন্য হকার উচ্ছেদ করতে হবে। এ ছাড়া ঈদের পরে ফিরতি যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিআইডব্লিউটিএর নৌ–নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত নৌ পুলিশ সুপার মো. ফারুকী, র্যাবের এএসপি রেজাউল করিম, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন, সূত্রাপুর থানার পরিদর্শক সিদ্দিকুর রহমান ও লঞ্চমালিক মামুনুর রশিদ।