ঈদের বিশেষ সার্ভিস শুরু ২৭ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ সামলাতে বরিশাল-ঢাকা নৌপথে সরাসরি ৩৫টি নৌযান বিশেষ সার্ভিস দেবে। সরকারি-বেসরকারি এসব নৌযান ঢাকা-বরিশাল পথে আগামী ২৭ আগস্ট থেকেই বিশেষ সার্ভিস শুরু করবে এবং তা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বেসরকারি মালিকানার ২৯টি এবং সরকারি বিআইডব্লিউটিসির ছয়টি নৌযান প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো নৈশকালীন সার্ভিসে যুক্ত হচ্ছে অ্যাডভেঞ্চার নামে দ্রুতগামী একটি নৌযান-১ ও আধুনিকায়ন করা সুন্দরবন-১১।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বরিশাল কার্যালয়ের উপপরিচালক আজমল হুদা সরকার গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘বরিশাল-ঢাকা নৌপথে বর্তমানে সরাসরি দিবা ও নৈশকালীন সার্ভিস মিলিয়ে ১৯টি নৌযান চলাচল করছে। তবে ঈদে বিশেষ সার্ভিসে বেসরকারি ২৯টি লঞ্চ সরাসরি যাত্রীসেবা দেবে। প্রয়োজন হলে আরও দু-একটি নৌযান আমরা বাড়াব। এ জন্য নৌযান মালিকদের সঙ্গে কথা বলে রেখেছি।’

তিনি আরও জানান, যাত্রীদের নিরাপত্তার জন্য লঞ্চে ও বন্দরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি নৌ-পুলিশ, সাদাপোশাকধারী পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, আনসার, মেরিন ভলান্টিয়ার ও স্কাউট সদস্যরা বন্দর এলাকায় দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দুর্ঘটনা এড়াতে যাত্রীবাহী লঞ্চ চলাচলের পথগুলোতে বাল্কহেড ও কার্গো চলাচল নিয়ন্ত্রণে আনা হবে।

এ ছাড়া সরকারি নৌযান সংস্থার ছয়টি নৌযান বিশেষ সার্ভিসের জন্য প্রস্তুত করা হয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ঝালকাঠি ও পিরোজপুর থেকে চারটি নৌযান বরিশাল নদীবন্দর হয়ে চলাচল করে। ঈদের সময় যাত্রীদের ভিড়ের কারণে এই চারটি নৌযানকে বরিশাল নদীবন্দরে যাত্রাবিরতি না দিতে বলা হয়েছে।

এ ছাড়া পিরোজপুর থেকে ঢাকাগামী লঞ্চগুলো বরিশালের বানারীপাড়া, উজিরপুরসহ বিভিন্ন স্থানে যাত্রাবিরতি দিয়ে চলাচল করবে। পাশাপাশি বাবুগঞ্জ, মুলাদি, হিজলা, মেহেন্দিগঞ্জ থেকে চলাচলরত নৌযানগুলোও ঈদে বিশেষ সার্ভিস দেবে।

ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিসির ছয়টি নৌযান বিশেষ সার্ভিস দেবে। যাত্রীর প্রয়োজনে এসব নৌযানের কোনো কোনোটি বরিশাল হয়ে হুলারহাট পর্যন্ত চলাচল করবে।

বরিশাল বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, এমভি মধুমতি ও এমভি বাঙালি জাহাজের পাশাপাশি রকেট সার্ভিসে পিএস মাহসুদ, লেপচা, টার্ন, অস্ট্রিচসহ ছয়টি নৌযান ঈদের বিশেষ সার্ভিসে যাত্রীসেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।